রাজশাহীতে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপনের কর্মসূচি
তথ্যবিবরণী : আগামীকাল বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। রাজশাহীতে দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল দশ’টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে দশ’টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হবে।
সকাল পৌনে এগারো’টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। একই স্থানে বেলা বারো’টায় সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। গণযোগাযোগ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় ও বিভাগীয় পাবলিক লাইব্রেরি এদিন সুবিধামত সময়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, ডকুমেন্টারি প্রদর্শন ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করবে। বিকেল চার’টায় কালেক্টর মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী র্যালী (বঙ্গবন্ধু চত্বর থেকে কালেক্টরেট মাঠ পর্যন্ত) ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হবে।
স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এদিন বাদ যোহর মসজিদে এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, শিশুসদন, শিশু বিকাশ কেন্দ্র, ছোটমনি নিবাস ও এতিমখানাসমূহে এতিম ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিষ্ঠান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধামত সময়ে স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের ব্যবস্থা করবে। রাসিক, জেলা পরিষদ, গণপূর্ত বিভাগ-১/২, বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের মালিকগণ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সৌন্দর্যবর্ধণ, আলোকসজ্জাকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।
