কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম উপলক্ষে এ্যাডভোকেসি
প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২০-২৭ মার্চ রাজশাহী মহানগরীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং ২৭ মার্চ থেকে ২ এপ্রিল ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল রোববার সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে কেন্দ্রীয় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সরিফুল ইসলাম বাবু বলেন, ভবিষ্যত প্রজন্মকে স্স্থ্যু ও সবলভাবে গড়ে তুলতে তাঁদের কৃমিমুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২০-২৭ মার্চ ২০২২ রাজশাহী মহানগরীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং ২৭ মার্চ থেকে ২ এপ্রিল ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা স্বাস্থ্য রক্ষাব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডা: নাজমা আখতার।
সভায় স্বাগত বক্তব্য ও এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। উল্লেখ্য, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আনার লক্ষ্য নিয়ে ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও একই বয়সী বিদ্যালয় বহির্ভূত, ঝরে পড়া, পথ শিশু, কর্মজীবি শিশুসহ সকল শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
