তানোরে ট্রাক চাপায় আলু ব্যবসায়ী নিহত
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক আলু ব্যবসায়ী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জাকির হোসেন সোনার (৪০)। তিনি উপজেলার সরনজাই ইউপির সিধাইড় গ্রামের আব্দুল হামিদ সোনারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশেম বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি সিধাইড় গ্রামে ফেরার পথে তানোর পৌর এলাকার আমান কোল্ড স্টোরের দক্ষিণে তানোর-রাজশাহী সড়কে ট্রাক চাপায় মাটিতে পড়ে শরীর ক্ষতবিক্ষত হয়। এতে তার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, চলন্ত ট্রাকের ধাক্কায় জাকির নামের এক আলু ব্যবসায়ী মটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা গেছে। ফাঁকা স্থান পেয়ে ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এজন্য ট্রাক চিহ্নিত করা সম্ভব হয়নি। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
