জনতা ব্যাংক ও রূপালী কম্পোজিটের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দুদকের
এফএনএস : জনতা ব্যাংক ও রূপালী কম্পোজিট লেদারওয়্যার লিমিটেডের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে পাঁচ শ’ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। গতকাল রোববার কমিশনের এক সভায় এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। আগামী দুই-এক দিনের মধ্যে চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, মেসার্স রূপালী কম্পোজিট লেদারওয়্যার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের শর্তাদি লঙ্ঘন করে প্রায় সাড়ে পাঁচ শ কোটি টাকা ঋণ সুবিধা নেয়। কিন্তু এই রফতানি ঋণের বিপরীতে যেসব বিল জমা দেওয়া হয়েছিল তার সবই ভুয়া। জনতা ব্যাংকের বেশ কয়েক জন অসাধু কর্মকর্তার যোগসাজশে মেসার্স রূপালী কম্পোজিটের চেয়ারম্যান এম এ কাদের ও ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম এসব অর্থ স্থানান্তর ও রূপান্তর করে আত্মসাৎ করেছেন।
এই ঘটনায় ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানায় দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ওই মামলার তদন্ত সম্পন্ন করে চার্জশিট তৈরি করেন। চার্জশিটে মেসার্স রূপালী কম্পোজিট লেদারওয়্যার লিমিটেডের চেয়ারম্যান এম.এ কাদের ও ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুলতানা বেগম এবং জনতা ব্যাংক লিমিটেডের সাবেক জিএম ফখরুল আলম, জিএম রেজাউল করিম ও ডিজিএম মুহাম্মদ ইকবালসহ মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
চার্জশিটে আসামি হিসেবে থাকা অন্যরা হলেনÑরূপালী কম্পোজিট লেদারওয়্যারের পরিচালক রেজিয়া বেগম, জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার (এইআরএম) আব্দুল্লাহ আল মামুন, জহুরুল ইসলাম, সাইদুজ্জামান, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাগরেব আলী, খায়রুল আমিন, এজিএম আতাউর রহমান সরকার, ডিজিএম এ. কে. এম আসাদুজ্জামান, ডিজিএম মুহাম্মদ ইকবাল, ডিজিএম কাজী রইস উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের সাবেক জিএম ও বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসেন।
দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে মোট ৫২১ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৬৩৪ টাকা আত্মসাৎ করেছেন। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
