চারঘাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত কারনে লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। গতকাল রবিবার সকাল ৯টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফজলুল হক এর আগেও তিন মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক অবিভক্ত চারঘাট থানা আ’লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের শুরু থেকেই একজন সম্মুখ সারির বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ফকরুল ইসলাম জানান, সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় সদর ইউনিয়নের পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে। তিনি স্ত্রী, তিন ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ জেলা ও উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে গত ২৬ শে ডিসেম্বর (২০২১) চারঘাট সদর ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৯ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।
