দুর্গাপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই মৃত্যু শয্যায়
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাসোয়ার কোপে গুরুতর জখম হয়ে মৃত্যু শয্যায় রয়েছে বড়ভাই আব্দুল গাফফার মন্ডল (৩৮)। আহত গাফফার উপজেলার যুগীশো কুরবানি পাড়ার মজিবর রহমানের পুত্র। ঘটনার পর আহত গাফফারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ৩ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, আহত গাফফারের সাথে জমিজমা নিয়ে ছোটভাই মফিজের সাথে বিরোধ চলছিলো। মফিজ সম্পর্কে গাফফারের সৎ ভাই। ঘটনার দিন গত ২ মার্চ সকাল সাড়ে ৬ টার দিকে পান বরজে কাজে যাবার সময় জনৈক সোনা মিয়ার পানবরজের সামনে যাওয়া মাত্র মফিজ, সাজেদা বেগম ও বিজলি খাতুন তার পথরোধ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে অপর আসামিদের হুকুমে মফিজ তার হাতে থাকা হাসোয়া দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় গাফফার মাটিতে লুটিয়ে পড়লে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
ঘটনার সময় চিৎকার শুনে সাক্ষীদের সহযোগিতায় গাফফারকে হাসপাতালে ভর্তি করা হয়। গাফফার মন্ডল অভিযোগ করেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় এজাহার দায়ের করা হলেও পুলিশ এখনো সেটি মামলা হিসেবে রুজ্জু করেনি। এমনকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেননি। এ ব্যাপারে থানার ওসি হাসমত আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
