বাগমারায় পুকুরে বিষ দিয়ে ৬০ লাখ টাকার মাছ নিধন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মাছের মজুদকৃত পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে সমস্ত মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া বাজার সংলগ্ন একটি বিশাল পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। প্রায় ১০ বছর থেকে ওই পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন একই ইউনিয়নের মাঝিগ্রাম গ্রামের আব্দুস সালাম। গত এক বছর থেকে পুকুরটিতে মাছ মজুদ করা হচ্ছে। মাছগুলো বড় হলে বছর শেষে বিক্রয় করবেন বলে জানা গেছে। ২০ বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগ মাছ নিধন করায় সর্বশান্ত হয়ে পড়েছে মৎস্যচাষী আব্দুস সামাদ।
পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় একই গ্রামের মহসিন আলীর নাম উল্লেখ করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই পুকুরের লীজকৃত মালিক আব্দুস সামাদের ছেলে গুলজার রহমানের সাথে মাছ চাষ নিয়ে দীর্ঘ সময় ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে ওই দীঘিতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবী করা হচ্ছে। বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শনিবার ভোর রাতে পুকুরে বিষ প্রয়োগ করায় বেলা বাড়ার সাথে সাথে সমস্ত মাছ মরে এবং পচে পানিতে ভেসে উঠে।
পুকুরে মাছ ভাসতে দেখে স্থানীয় লোকজন আব্দুস সামাদকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত পুকুরে আসেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সামান্য মাছ ধরতে পারেন তারা। পুকুর মালিক আব্দুস সামাদ বলেন, আমার চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। আমি দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
