চারঘাটে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চারঘাট সদরের পল্লী বিদ্যুৎ মোড়ে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে প্রায় নয় শতাধিক নেতা-কর্মী নিয়ে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি চারমাথা মোড়ের দিকে এগিয়ে গেলে স্লুইসগেটের উত্তর পাশে পুলিশের বাঁধার মূখে পড়লে পিছু হাটে বিএনপির নেতা-কর্মীরা। পরে চারঘাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এসময় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। একই দাবিতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুরাদ পাশা, নাজমুল হক, রাজন আলী প্রমূখ।
