দেশে কৃষি খাস জমির ৪ লাখ ৮৪ হাজার একর
এফএনএস : ২০২০-২০২১ অর্থ বছরে বন্দোবস্ত প্রাপ্ত উপকার ভোগী ভূমিহীন পরিবারের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৯৭৬ এবং বন্দোবস্তকৃত কৃষি জমির পরিমাণ প্রায় ৪ হাজার ৫৪৮ একর। এছাড়া সারা দেশে মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ ৪ লাখ ৮৪ হাজার একর। গত বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কৃষি খাসজসি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় এসব তথ্য উঠে আসে। সভায় জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে উপকার ভোগী পরিবারের সংখ্যা ৬৬ হাজার ১৮৯টি।
সভায় দেশব্যাপী কৃষি খাসজমি বরাদ্দ ও ব্যবস্থাপনার অগ্রগতি মূল্যায়ন, দেশের শিল্পায়নের স্বার্থে কৃষি জমির ঊর্ধ্বসীমা শিথিলকরণ, এবং নতুন সিটি কর্পোরেশনভুক্ত ও অন্যান্য নগর সংলগ্ন এলাকাসমূহের কৃষি জমি অকৃষি হিসেবে ঘোষণা প্রসঙ্গে আলোচনা হয়। সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আবদুল মজিদ খান, মনজুর হোসেন, মো. ফরিদুল হক খান, মো. মহিববুর রহমান, সেলিম আলতাফ জর্জ, রমেশ চন্দ্র সেন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএসহ ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা, সব বিভাগীয় কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ-আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
