এফএনএস : ইউক্রেন ইস্যুতে রাশিয়া-যুক্তরাজ্যের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এবার নিল নতুন মোড়। ব্রিটেনে টায়ার ওয়ান ভিসার আওতাধীন ‘গোল্ডেন ভিসা’ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটিতে বিনিয়োগকারীরা। তবে ব্রিটেন বলছে, অবৈধ অর্থ জালিয়াতির বিরুদ্ধে নতুন করে কঠোর ব্যবস্থা নিতেই প্রশাসনের এ সিদ্ধান্ত। মূলত যেসব বিনিয়োগকারী ২০ লাখ পাউন্ড পর্যন্ত বিনিয়োগ করতে সক্ষম, তাদের টায়ার ওয়ান ভিসার আওতায় ব্রিটেনে বসবাসের সুযোগ দেওয়া হয়, যা ‘গোল্ডেন ভিসা’ নামে পরিচিত। ২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোকে যুক্তরাজ্যে বিনিয়োগে আগ্রহী করতেই এ স্কিম চালু করা হয়। এবার সেই গোল্ডেন ভিসাই বাতিল করল ব্রিটিশ সরকার।
স্কিমটি খোলার পর থেকে ১৪ হাজারেরও বেশি রুশ বিনিয়োগকারীকে ভিসা দিয়েছে ব্রিটেন। এ সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাশিয়ার বিনিয়োগকারীরা। সম্প্রতি ইউক্রেন ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন চলছে রাশিয়া-ব্রিটেনের মধ্যে। পুতিন সরকারকে চাপে ফেলতেই ব্রিটেনের এমন পদক্ষেপ বলে অভিযোগ উঠলেও ব্রিটিশ প্রশাসন বলছে, গোল্ডেন ভিসা ব্যবহার করে, যাতে কোনো দুর্নীতি না হয় এবং অবৈধ অর্থ জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।