এফএনএস : কোন মার্কিন প্রেসিডেন্টই আইনের উর্ধ্বে নয়। ট্রাম্পের আহ্বানে কংগ্রেস ভবনে সমর্থকদের হামলার দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, মেয়াদ শেষের আগেই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ভাইস প্রেসিডেন্ট পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা।
গণমাধ্যমের খবর বলছে, এই দলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু’পক্ষের আইনপ্রণেতাই রয়েছেন। ক্ষুব্ধ আইনপ্রণেতারা বলছেন, সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে। যে সংশোধনীর আওতায় সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সদস্যদের সাথে নিয়ে প্রেসিডেন্টকে অপসারণ করতে পারেন ভাইস প্রেসিডেন্ট। কেউ কেউ আবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতেও বলছেন।
২৫তম সংশোধনী অনুযায়ী, কোনও প্রেসিডেন্ট শারীরিক বা মানসিকভাবে অসুস্থতায় ‘দায়িত্ব পালনে অক্ষম’ হলে মেয়াদ শেষের আগেই তাকে সরিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে কাজ চালাবেন। তবে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেসের প্রতিটি চেম্বারেই লাগবে দুই-তৃতীয়াংশ ভোট।