২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপির উচিত সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসা: ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ৪:১১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
বিএনপির উচিত সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসা: ডা. জাফরুল্লাহ
বিজ্ঞাপন

এফএনএস : প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সঙ্গে বিএনপির বৈঠকে বসা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। বিএনপি রাজপথে দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করবে, সেটা তাদের অধিকার। তবে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে না বসে ঠিক করেনি। এখন নির্বাচন কমিশনার নিয়োগে যে সার্চ কমিটি কাজ করছে, তাদের সঙ্গে বিএনপির বসা উচিত হবে।

একই সঙ্গে সার্চ কমিটিরও উচিত হবে বড় দল হিসেবে বিএনপিকে আবারও বৈঠকে বসার আহ্বান জানানো। গতকাল শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর ১টা ৫ মিনিটে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি। ওই বৈঠকে অংশ নেন জাফরুল্লাহ চৌধুরী।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন