সর্বশেষ সংবাদ

জবিতে শূন্য আসন পূরণে সাক্ষাৎকার ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি

Paris
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে শূন্য আসন পূরণে সাক্ষাৎকার আহ্বান করেছে কর্তৃপক্ষ। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রথম থেকে সপ্তম মেধাক্রমে বিষয় বরাদ্দ পেয়ে যেসব শিক্ষার্থী ভর্তি হননি তারাও সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি ও সি ইউনিটে সপ্তম মেধা তালিকা থেকে ভর্তির পর বিভিন্ন বিভাগে বিদ্যমান শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে পূরণের লক্ষ্যে একটি সাক্ষাৎকার আহ্বান করা হচ্ছে। প্রথম থেকে সপ্তম মেধা তালিকায় বিষয় বরাদ্দ পেয়েও যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেননি, তারাও সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা কোনো মাইগ্রেশনের সুযোগ পাবেন না।

পরবর্তীতে কোনো বিভাগের শূন্য আসন পূরণের ক্ষেত্রেও তারা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এটিই শেষ পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিজ্ঞান (এ) ইউনিটের মেধাক্রম চার হাজার ৫৩৩ থেকে পাঁচ হাজার ৫৩২ পর্যন্ত সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। মেধাক্রম পাঁচ হাজার ৫৩৩ থেকে ছয় হাজার ৫৩২ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। মেধাক্রম ছয় হাজার ৫৩৩ থেকে সাত হাজার ৫০০ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি।

মানবিক (বি) ইউনিটের মেধাক্রম এক হাজার ৮৭৯ থেকে দুই হাজার ১৯০ পর্যন্ত সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। মেধাক্রম দুই হাজার ১৯১ থেকে দুই হাজার ৫০০ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। আর বাণিজ্য (সি) ইউনিটের মেধাক্রম এক হাজার ২৪৭ থেকে দুই হাজার পর্যন্ত সাক্ষাৎকার বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

প্রতিটি ইউনিটের সাক্ষাৎকার সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে সেটি পূরণ করে নিয়ে যেতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ তালিকা আগামী ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ভর্তি ফিস ও কাগজপত্র মনোনীত বিভাগে জমা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তির যাবতীয় বিষয়াবলি ধফসরংংরড়হ.লহঁ.ধপ.নফ ওয়েবসাইটে জানা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris