২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই
বিজ্ঞাপন

এফএনএস : জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই। গতকাল শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন পীর হাবিব।

গত বছরের অক্টোবরে ভারতের মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন তিনি। এরপর গত ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে পীর হাবিবকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় তার স্ট্রোক হলে স্থানান্তর করা হয় ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে। কিন্তু আইসিইউ থেকে আর ফেরা হয়নি তার।

১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে জন্ম পীর হাবিবুর রহমানের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি নেন পীর হাবিব। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার, যুগান্তর, মানবকণ্ঠ, আমাদের সময় পত্রিকায় কাজ করেছেন। অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা পীর হাবিব সর্বশেষ বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন