২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে শোক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২২, ৩:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে শোক
বিজ্ঞাপন

এফএনএস : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক : মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শোকবার্তায় তারা মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন। তার মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

২০০৯ সালের ৫ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে ইসলামিক ফাউন্ডেশন মাওলানা সালাহউদ্দিনকে বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দেয়। এরপর থেকে তিনি দেশের জাতীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন। মাওলানা সালাহউদ্দিন ঢাকা আলিয়া মাদ্রাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন