লাইভে এসে মাথায় গুলি চালিয়ে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা
এফএনএস : রাজধানীর ধানমন্ডিতে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। লাইভে এসে মহসিন খান বলেন, আমার বয়স ৫৮ বছর, কোনো একসময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসার রোগে আক্রান্ত। তাই এখন আমার কোনো ব্যবসা বা কোনো কিছুই নেই। আজকের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদের জানানো। এ অভিজ্ঞতা থেকে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন, সাবধানতা অবলম্বন করবেন।
গত ৩০ তারিখ আমার খালা মারা যান। ওঁর একটি ছেলে, কিন্তু মা মারা যাওয়ার খবর পেয়েও সে দেশে আসেনি। এ বিষয়টি আমাকে অনেক দুঃখ দিয়েছে। তিনি আরও বলেন, আমার একটা ছেলে, সে অস্ট্রেলিয়াতে থাকে, আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি। খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে ভয় ঢুকে গেছে। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি, আমার মনে হয় না, এক সপ্তাহেও কেউ জানতে পারবে না। এজন্য লাইভে আসা। ছেলে-মেয়ে, স্ত্রী-যাদের জন্য যাই কিছু আমরা করি। আমরা সব কিছু করি সন্তান এবং ফ্যামিলির জন্য। আপনি যদি একশ’ টাকা ইনকাম করেন, আয় করেন তার ২০ পারসেন্ট টাকাও আপনি নিজের জন্য ব্যয় করেন না।
যদি ২০ পারসেন্ট টাকা আপনি নিজের জন্য ব্যয় করেন, তাহলে ৮০ পারসেন্ট টাকা আপনার ফ্যামিলির জন্য ব্যয় হয়। তিনি আরও বলেন, গত করোনা শুরুর আগে থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কী কষ্ট-যারা একা থাকেন, তারাই বলতে পারেন। যাদের জন্য আমি বেশি করছি, প্রত্যেকটা লোকের কাছে আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল, নাম কামরুজ্জামান বাবলু। যাকে আমি না খেয়ে তাকে খাইয়েছি। সে আমার ২৩-২৫ লাখ টাকা মেরে দিয়েছে। ফেসবুক লাইভে ব্যক্তি জীবনের হতাশার কথা বলতে গিয়ে কয়েক বার কেঁদেও ফেলেন মহসিন খান। আত্মহত্যার ঠিক আগমুহূর্তে তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে কথা বলেন।
বলেন, তোমরা একটা ভাই, একটা বোন মিলেমিশে চোলো। আর বাবা হিসেবে আমাকে ক্ষমা করো। ভালো থেকো। এরপরই তিনি মাথায় গুলি করেন। তখন তার মোবাইলটি বেজে ওঠে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে টাইপ করা একটা সুইসাইড নোটে লিখে গেছেন তিনি। এছাড়া দরজার সামনে লেখা ছিল ‘মামা দরজা খোলা হাতলের হ্যান্ডেল চাপ দিয়ে ভিতরে ঢুক।’ তিনি আরও বলেন, সুইসাইড নোটগুলো ধানমন্ডি ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ফিঙ্গার প্রিন্ট সম্পর্কিত বিষয়গুলো সিআইডির কাছে রয়েছে।
এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য (জামাতা রিয়াজ) বাদী হয়ে গত বুধবার দিবাগত রাতে এ মামলা করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, গত বুধবার শেষ রাতে এ মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত হয়। ঢামেকের ফরেনসিক বিভাগের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস জানান, আবু মহসিন খানের মৃত্যু গুলিতেই হয়েছে। একটা গুলি লেগেছে তার শরীরে।
প্রাথমিকভাবে এর বেশি কিছু জানাননি তিনি। এদিকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ভিডিওটি যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেন আদালত। এ সংক্রান্ত বিষয়টি আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন। একইসঙ্গে বিটিআরসিকে এ বিষয়ে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
