প্রেসক্লাবে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
এফএনএস : জাতীয় প্রেসক্লাবে শরীরে আগুন দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক অশান্তি ও দুশ্চিন্তা থেকে মামুন (২৮) নামের ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সেখানে উপস্থিত জনগণ ও পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করেন। পুলিশ জানায়, আত্মহত্যার চেষ্টাকারী মামুনের বাড়ি গাজীপুরের কাপাশিয়ার বাড়ি শাবোতে। আত্মহত্যার চেষ্টাকারী মামুন বলেন, আমার কেউ নেই। আমার স্ত্রী টাকা-পয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছেন। আমি আত্মহত্যা করব।
এ বিষয়ে শাহাবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার বলেন, দ্বিতীয় বিয়ে করার কারণে মামুনের প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। আর দ্বিতীয় স্ত্রী টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেলে এই অশান্তির শুরু। এ কারণেই মামুন শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি আরও বলেন, মামুনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
