দুবাই রুটে বিমানের অতিরিক্ত দুই ফ্লাইট ১১-১২ জানুয়ারি
এফএনএস : ক্রমবর্ধমান যাত্রী চাহিদা ও প্রবাসীদের সুবিধার্থে ১১ ও ১২ জানুয়ারি ঢাকা-দুবাই রুটে দুইটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪০৪৭ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ছেড়ে দুবাই পৌঁছাবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায়। দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী যাবতীয় কাজ সম্পন্ন করতে যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি তথ্য অনুসারে ৯ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিট থেকে ফ্লাইটের টিকিটসমূহ বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়। যাত্রীদের বিমানের যেকোনো সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
