রাজশাহী নগরীতে শিক্ষিকাকে পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার : রাজশাহীর স্কুলশিক্ষক ফাতেমা খাতুনের (৩৭) শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টায় তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ওই শিক্ষকের স্বামী সাদিকুল ইসলামকে (৪০) একমাত্র আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফাতেমা খাতুনের ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় এ হত্যাচেষ্টার মামলা করেন। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি সাদিকুল ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আসামি সাদিকুল ইসলাম নগরীর চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেনের ছেলে। তাঁর বাড়ি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়। তাঁর স্ত্রী ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দুই সন্তানের মা। পরিবারের ভাষ্যমতে, দাম্পত্য কলহের জের ধরে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন সাদিকুল। এতে তাঁর হাত, বুক, মুখমণ্ডল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালী।
ঘটনার পর রাতেই ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন শুক্রবার সকালে জানান, ফাতেমার শারীরীক অবস্থার কোন উন্নতি হয়নি। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় অক্সিজেন দিতে হচ্ছে। ফাতেমার শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়েছে বলেও জানান এই চিকিৎসক।
