শিল্পকলার ডিজিকে দুদকে তলব
এফএনএস : ভুয়া বিল তৈরি করে শত কোটি টাকা আত্মসাৎ, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার তাকে তলবে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। নোটিশে লিয়াকত আলী লাকীকে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের কাছে বক্তব্য দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার বিগত দুই অর্থবছরের বাজেট, ব্যয় ও ভার্চুয়াল অনুষ্ঠানের নথিপত্র চেয়ে শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কাছে নোটিশ পাঠায় দুদক। গত সোমবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে টিম গঠন করা হয়। পাশাপাশি পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
