বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারালেন তৈমুর আলম খন্দকার
এফএনএস : দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে তার পদ থেকে প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। গতকাল সোমবার বিকাল সোয়া ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদএ তথ্য জানান। তৈমুর আলম খন্দকার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপিনেতা রুহুল কবির রিজভী বলেন, তাকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এরআগে, গত সপ্তাহে তৈমুর আলম খন্দকারকে নারায়ণঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আরেকজনকে মনোনীত করে বিএনপি।
পদ থেকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেছেন, এ বিষয়ে দল থেকে এখনও আমাকে কিছু জানায়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালাদের তৈমূর, রিকশাওয়ালা- ঠেলাওয়ালাদের কাছে ফিরে যাবো। আমি জনমানুষের তৈমূর গণমানুষের কাছে ফিরে যাবো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তৈমূর আলম এসব কথা বলেন। তৈমূর আলম খন্দকার বলেন, আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ।
অন্য কেউ আমার ভাগ্যের মালিক এটা আমি বিশ্বাস করি না। আপনারা জানেন, আমি হকার, হোটেল শ্রমিক ও খেটে খাওয়া মানুষের সংগঠন করি। এ সংগঠনগুলো সিটি করপোরেশন বা পৌরসভার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের দীর্ঘদিনের দাবি আমি পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্ব নেবো। তিনি আরও বলেন, ২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। সেবার দল সিদ্ধান্ত দিয়েছিল। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছি। আমি আজ পর্যন্ত আমার দলকে প্রশ্ন করিনি কেন আমাকে সরিয়ে দেওয়া হলো, কেন প্রত্যাহার করা হলো। এদিকে তৈমূর নির্বাচনের প্রস্তুতি নিয়েই ব্যস্ত। গতকাল সোমবার এক নির্বাচনী প্রচারণায় তৈমূর আলম খন্দকার বলেন, নির্বাচন মুখের কথায় সুষ্ঠু হবে না।
এটা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তিনি বলেন, আমি কোথাও গেলেই সেখানে চারিদিক থেকে লোকজন নেমে যাচ্ছে। সবাই বলে আমাদের হোল্ডিং ট্যাক্স, পানির বিল কমিয়ে দেবেন। জন্মনিবন্ধনের সমস্যা দূর করে দেবেন, ট্রেড লাইসেন্সের ভোগান্তি কমিয়ে দেবেন। আমি তাদের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি এগুলো কমিয়ে দেব। নাগরিক সুবিধা বাড়াবো। একটা নগরে মানুষ যেন নাগরিক সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করবো। গতকাল সোমবার সকালে বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তৈমূর আলম খন্দকার। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এটা সরকারি দলের ব্যাপার।
চাঁদাবাজি হোক বা অন্য যা-কিছুই হোক। তাদের ব্যাপারে আমি কোন মন্তব্য করবো না। এটা সরকারের ব্যাপার। চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়েছে। এটা নির্বাচন কমিশন দেখবে, সরকার দেখবে। আইভীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কালো টাকা ছড়ানো কীভাবে হয় সেই লাইনে আমি হাটি না আমি জানিও না। যারা করে তারাই বলতে পাবে। তিনি বলেন, নির্বাচনে আমার সাতজন প্রতিপক্ষ। তাদের সবাইকেই মোকাবিলা করে নির্বাচন করতে হবে। জনগণ আমার সঙ্গে আছে।
