রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপানএক যুবকের মৃত্যু, ৯ জন চিকিৎসাধীন
স্টাফ রিপোর্টার : ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপানে আছাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৯ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষবরণের পিকনিকে তারা মদ্যপান করেছিলেন। আছাদুল ইসলাম রাজশাহীর কাটাখালি থানার সমসাদিপুর এলাকার আকালু মণ্ডলের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫), মো. মন্ডল শেখের ছেলে শাহাদাত হোসেন (২৫), তৈমুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫), নুরুল ইসলামের ছেলে তাশিক ইসলাম (৩২), আবদুস সাত্তারের ছেলে মিন্টু মিয়া (২৬), এরশাদ আলীর ছেলে ভাবলু (২৭), সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন (৩০), লালচান মিয়ার ছেলে মো. মিঠু (৩২) ও কাটাখালি থানা এলাকার সমসাদিপুর এলাকার রমজান আলীর ছেলে মো. পারভেজ (২২)। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আছাদুল ইসলাম থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করেছিল।
পরে সে শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোরে তার মৃত্যু হয়। এ ছাড়া অন্যান্যের গতকাল রোববার একই হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার সবাই ‘রয়্যাল’ নামক মদপান করে অসুস্থ হয়েছেন। জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করায় আছাদুল ইসলাম নামের ওই যুবক রামেক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছে। তার মরদেহ বর্তমানে মরচুয়ারিতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অসুস্থরাও হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
