১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হাড়ুপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করার অভিযোগ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
হাড়ুপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করার অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর উপকন্ঠে হড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড অন্তর্গত হাড়ুপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বিশালাকৃতির একটি ডোবা দখল পূর্বক ভরাটের অভিযোগ উঠেছে। ঐ এলাকার মানিক নামের এক ট্রাক ব্যবসায়ি নিজের ট্রাকগুলো সেখানে রাখার জন্য উক্ত সরকারি ডোবাটি ভরাট করছেন বলে জানান স্থানীয়রা। অভিযোগ সূত্রে আরো জানা গেছে, অভিযুক্ত মানিক হড়গ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুলাল মেম্বারের ছোট ভাই। এছাড়াও ঐ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কালাম অভিযুক্ত মানিকের আত্মীয় বলে জানান মানিক। পানি উন্নয়ন বোর্ডের উক্ত স্থানটি ভরাটের সময় স্থানীয়রা নিষেধ করতে গেলে মানিক তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে নিজের স্বার্থান্বেষী ও বেআইনী কাজ চলমান রাখেন।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হারুপুর থেকে পদ্মা নদীর দিকে যাওয়া রাস্তাটির ডান পার্শ্বের পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব বিশালাকার একটি ডোবা মাটি ফেলে ভরাটের চেষ্টা চলছে। উক্ত ডোবা ছাড়াও ঐ স্থানে পাউবোর আরো কিছু জায়গা আছে। মেম্বার দুলালের ভাই মানিক উক্ত ডোবাটি মাটি ও বালি দিয়ে ভরাটের পাশাপাশি পাউবো রাজশাহী অঞ্চলের আরো কিছু সরকারি জমি দখল করে সেখানে নিজস্ব ট্রাক রাখার স্ট্যান্ড তৈরি করছেন। মানিকের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেনো তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীরেকে সরকারি ডোবা ভরাট করার পাশাপাশি পাউবোর জমিতে ট্রাক রাখার স্ট্যান্ড করছেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান কালামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মানিক রাস্তা সংলগ্ন একটি ডোবা ভরাট করছে বলে শুনেছি। কিন্তু কেনো করছে সে বিষয়ে আমি জানিনা। ঐ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ও অভিযুক্ত মানিকের বড় ভাই দুলালের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মানিক আমার ছোট ভাই হলেও সে কারো কথাই শোনে না। কিন্তু তার পরেও আমি তাকে বলেছি সেখানে যেনো আর মাটি ফেলা না হয়। কিন্তু মানিক কারো কথাই কর্ণপাত না করে নিজের মতো করে সরকারি স্থানটি দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।মানিক এ বিষয়ে প্রতিবেদক কে বলেন, ডোবার পশ্চিম পার্শ্বে যত বাড়ি ঘর দেখছেন সবই আমার বাবা-দাদার পৈত্তিক সম্পত্তি।

তিনি আরো বলেন, আমার কয়েকটি ট্রাক আছে। সেগুলো রাখার কোন জায়গা নেই। তাই বাড়ির সামনের এই ডোবাটি মাটি-বালি দিয়ে ভরাট করা হচ্ছে! সরকারি সম্পত্তি লিজ না নিয়ে বা লিখিত অনুমতি ব্যতীরেকে আপনি কেনো স্থানটি ভরাট করার পাশাপাশি পাউবো কর্তৃপক্ষের জমিচিও দখল করছেন প্রশ্নের জবাবে তিনি তৎক্ষণাৎ প্রতুত্তরে বলেন, আমাদের চলাচলের সুবিধার জন্য গভীর এই ডোবাটি মাটি দিয়ে ভরাট করছি। আমাদেরকে বাড়ি থেকে রাস্তায় আসতে হলে অন্যের বাড়ির আঙ্গিনা দিয়ে আসতে হয়। যার কারণে আমি স্থানটিতে চলাচলের একটি রাস্তা তৈরি করছি। তিনি আরো বলেন, কাশিয়াডাঙ্গা থানা থেকেও পুলিশর ভ্যান এসেছিল আমার কাজ বন্ধ করতে।

কিন্তু তারাও ফিরে গেছে! তিনি হুঙ্কারের সুরে বলেন, আমি আমার বাড়ির সামনের ডোবা ভরাট করলে কার কি! এবিষয়ে মানিকের ভাই মেম্বার দুলালের কাছে আবারো মুঠোফোনে জানতে চাওয়া হয়েছিল, ‘আপনি একজন মেম্বার হয়ে কিভাবে নিজের ছোট ভাইকে সরকারি সম্পত্তি দখল করার সুযোগ করে দিচ্ছেন। তিনি প্রতুত্তরে বলেন, সেটা মানিকের বিষয়, আমি তো ভরাট করছি না। এবিষয়ে, হরিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুঞ্জিলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি বিষয়টা লোকমুখে শুনেছি। মানিক যদি অবৈধভাবে সরকারি ডোবা ভরাট করার পাশাপাশি পাউবোর জমি দখল করার অপচেষ্টা চালায় তবে সে বেআইনী কাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ধরনের বেআইনী কাজ বন্ধ করে দেয়া।

ঐ এলাকার স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাউবোর এই বিশালাকার ও গভীর ডোবাটির জন্য বৃষ্টি মৌসুমী এই মহল্লায় পানি জমে থাকতে পারেনা। গ্রামটি সড়ক থেকে প্রায় বিশ ফিট নিচু হওয়াতে বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবার আশঙ্কা দেখা দিয়েছে মানিক কর্তৃক পাউবো’র এই গভীর ডোবাটি ভরাটের ফলে। তার বাপ-চাচা ও ভাইয়েরা রাজনীতি করে বলে অন্যের সমস্যা সৃষ্টি করে সে জোরপূর্বক উক্ত সরকারি ডোবাটি ভরাট করা সহ সরকারি খাস জমি দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানিকের এমন অবৈধ কাজে বাঁধা প্রদান না করলে সামনের বৃষ্টি মৌসুমে এলাকার লোকজন জলাবদ্ধতায় নিমজ্জিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকেই।

বিষয়টি নিয়ে যেনো প্রতিবেদন প্রকাশিত না হয় সেজন্য অভিযুক্ত মানিক ও তার বড় ভাই দুলাল মেম্বার বিভিন্ন সময় একাধিক সাংবাদিক দ্বারা প্রতিবেদককে ফোন দিয়ে এই বিষয়ে সংবাদ পরিবেশন না করার অনুরোধ করান। তারা আরো বলেন, দুলাল মেম্বার বেশ কয়েকবার এই ইউনিয়নের মেম্বার হয়েছেন। উনার উক্ত ইউনিয়নে এই পরিবারের আধিপত্য ও পেশিশক্তি পর্যাপ্ত থাকার পাশাপাশি অভিযুক্ত মানিকের বড় ভাই মেম্বার দুলালের সুনাম ও খ্যাতি আছে বিভিন্ন ধরনের সামাজিক মীমাংসা নিরসনের ক্ষেত্রে! তাই প্রতিবেদনটি প্রকাশ না করলেই ভাল হয়। অপরিচিত সেই সাংবাদিকের কথার প্রেক্ষিতে প্রতিবেদন বলেন, ‘বৈধ কাজ অবৈধ পন্থায় সম্পন্ন করাটাও কিন্তু অপরাধ’। তাই পানি উন্নয়ন বোর্ডের জায়গা অনুমতি ব্যতীরেকে পেশিশক্তি আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ভরাট ও দখল করা বেআইনী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন