৭ম ধাপে ইউপি ভোট আজ শুরু আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি
এফএনএস : নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আজ ২ জানুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন (ইসি) সপ্তম ধাপের ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
