১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে জমির জাল দলিল করা ব্যক্তিকে পুকুর লীজের অভিযোগ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২, ৬:১১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তানোরে জমির জাল দলিল করা ব্যক্তিকে পুকুর লীজের অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে জাল দলিল করে এক ব্যক্তি ৩ দশমিক ১৫ একর অর্পিত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিলেন। ধরা পড়লে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় তাঁর নামে জমির খারিজ বাতিল করেছে। আবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ই এই ব্যক্তিকে লীজ দিয়েছে ছয়টি পুকুর। লীজ পাওয়া ব্যক্তির নাম সাইফুদ্দিন মণ্ডল। তানোরের রামনাথপুর গ্রামে তাঁর বাড়ি। সাইফুদ্দিন পুকুরগুলো লীজ পেয়েছেন ‘কো-শেয়ারার’ হিসেবে।

এর অর্থ হলো- কোন ব্যক্তির জমির পাশে সরকারী পুকুর থাকলে লীজ পাওয়ার ক্ষেত্রে তিনিই অগ্রাধিকার পাবেন। সাইফুদ্দিন যে জমির দলিল দাখিল করে পুকুর লীজ নিয়েছেন সেই জমির দলিলই জাল। আগেই এ বিষয়টি ধরা পড়লেও পুকুর লীজ দেওয়ার সময় তা বিবেচনায় নেওয়া হয়নি। সাইফুদ্দিনকে পুকুরগুলো লীজ দেওয়ায় বঞ্চিত হয়েছেন ভূমিহীন মৎস্য চাষীরা। এ নিয়ে রামনাথপুর মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি আতিকুর রহমান আদালতে মামলা করেছেন। তিনি সাইফুদ্দিনের লীজ বাতিলের দাবি জানিয়েছেন।

গতকাল শনিবার সকালে আতিকুর এ বিষয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, রামনাথপুর মৌজায় ৩ দশমিক ১৫ একরের ওই ছয়টি পুকুর ও কিছু ধানী জমির মালিক ছিলেন অমিয় বালা চৌধুরাণী। ১৯৬০ সালের দিকে তিনি স্বপরিবারে ভারতে চলে যান। তখন তাঁর সম্পত্তি খাস এবং অর্পিত সম্পত্তি হয়ে যায়। ১৯৬৯ সালে সাইফুদ্দিন মণ্ডল নওগাঁর আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস থেকে অমিয় বালার স্বাক্ষর জাল করে সম্পত্তিগুলো নিজের নামে দলিল করেন।

পরে এই সম্পত্তি বুঝে নিতে ১৯৮২ সালে আদালতে মামলা করেন। সে সময় একতরফা শুনানিতে সাইফুদ্দিন সম্পত্তির মালিকানা পান। কিন্তু সাইফুদ্দিন প্রকৃত মালিক নন বুঝতে পেরে উপজেলা ভূমি অফিস এ জমির খারিজ বাতিল করে দেন। ফলে জমি ও পুকুরগুলো সরকারী সম্পত্তি হিসেবেই থাকে। তাই ২০১৯ সালের ডিসেম্বরে উপজেলা ভূমি অফিস পুকুরগুলো মৎস্যজীবীদের লীজ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করে।

এতে অংশ নেয় রামনাথপুর মৎস্য চাষী সমবায় সমিতি। তবে কো-শেয়ারার হিসেবে দরপত্র জমা দেন সাইফুদ্দিন মণ্ডল। যে দলিল জাল করার প্রমাণ ২০০৩ সালেই ভূমি অফিস পায়, সেই দলিলের কারণেই ভূমি অফিস সাইফুদ্দিনকে পুকুর লীজ দেয়। রামনাথপুর মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি মৌখিক এবং লিখিতভাবে অভিযোগ করলেও লাভ হয়নি। এ নিয়ে সমিতির সভাপতি আতিকুর রহমান তানোর সহকারী জজ আদালতে একটি মামলা করেন। আদালত এ জমির বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেয়।

এরপর ২০২০ সালের ৮ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক এক প্রতিবেদনে আদালতকে জানান, জমিগুলো অর্পিত সম্পত্তি। এগুলো সরকারেরই সম্পত্তি। এ প্রতিবেদন যাওয়ার পরও মামলার নিষ্পত্তি হয়নি। সাইফুদ্দিনেরও লীজ বাতিল হয়নি। আতিকুর রহমান তাঁর লীজ বাতিলের দাবি জানান। এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিককে ফোন করলেও ধরেননি। তাই বক্তব্য পাওয়া যায়নি। সাইফুদ্দিনের ছেলে ওসমান আলী বলেন, তাঁর বাবা অসুস্থ। কথা বলতে পারবেন না। ওসমান বলেন, ছয়টি পুকুর লীজ পাওয়ার বিষয়ে মামলা চলছে। মামলা চলমান অবস্থায় তিনিও মন্তব্য করবেন না। তবে জমির দলিল জাল নয় বলেই তিনি দাবি করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন