সিরাজগঞ্জে ন্যাশনাল ট্রাভেলস’র বাস উল্টে ভ্যানকে চাপায় চার জন নিহত
এফএনএস : সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসটি উল্টে মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ভ্যানে থাকা চারজন মারা যান। এ সময় আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ও আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে একটি অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের ২ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার ভোর রাতে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, ভোরে খড়বাহী ট্রাকটি রেলসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে লালমনির হাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনে চাকা খুলে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
