অতিরিক্ত পণ্য আর ঝুঁকি নিয়ে নগর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে পরিবহন!
স্টাফ রিপোর্টার : ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরীর বিভিন্ন রাস্তায় দিনের বেলাতেও দেখা মেলে পণ্য বোঝাই ট্রাকের আনাগোনা। সরকারি জরুরী সেবা ও নির্মাণ সামগ্রী বহন করা ট্রাক ব্যতীতও ব্যক্তি মালিকানাধীন পণ্য বোঝাই ট্রাকের বিচরণ প্রায় প্রতিদিনই লক্ষ্য করা যায় নগরীর ব্যস্ততম সড়কগুলোতে। অন্যদিকে, আরো একটি দৃশ্য চোঁখে পড়ে নগর সড়কে প্রায়শই। ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য বা মালামাল বহন করা ছাড়াও ঝুঁকিপূর্ণবস্থায় ট্রাকগুলো শহরের বিভিন্ন জনবহুল ও ব্যস্ততম সড়কগুলোতে চলাফেরা করে কোন প্রকার বাঁধাবিঘ্ন ব্যতীরেকেই।
নিজের সহ রাস্তায় চলাচলরত অন্যান্য গাড়ির নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য না দিয়ে অতিরিক্ত ও ঝুঁকিপূর্ণবস্থায় পণ্য বহনের ক্ষেত্রে বাংলাদেশ ট্রাফিক আইন এর ধারা ১৪৯ হরহামেশায় ভঙ্গ হচ্ছে নগর সড়কে। এবিষয়ে নগর ট্রাফিক অফিসের একজন ট্রাফিক সার্জেন্ট জানান, ট্রাফিক আইনানুযায়ী ‘ওভারলোডেড’ কোন গাড়ির জন্য সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদন্ড বা সর্বোচ্চ একবছরের কারাদন্ডের বিধান রয়েছে।
অন্যদিকে, নগর সড়কে চলাচলকারী সাধারণ পরিবহন বা গাড়ীর বডিতে পার্টিকুলার বা বিবরণ না থাকার মতো অপরাধও লঙ্ঘিত হচ্ছে অনেক ক্ষেত্রেই।
পণ্য বা মালামাল বহনকারী কোন গাড়িতে ধারণ ক্ষমতা কতখানি সেটি গাড়ির বডিতে স্পষ্টাক্ষরে উল্লেখ্য থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই খামখেয়ালীপনা আর দায়িত্বহীনতার কারণে লঙ্ঘিত হচ্ছে এমন বাধ্যবাধকতার বিষয়টি বলে মন্তব্য সচেতনদের। বহন ক্ষমতার অতিরিক্ত ও ঝুঁণিপূর্ণভাবে পণ্য বা মালামাল পরিবহনের কারণে চলতি বছরের বিভিন্ন সময় নগরীর বেশকিছু স্থানে দূর্ঘটনায় পতিত হয়েছে একাধিক ট্রাক। শালবাগান, নওদাপাড়া, কল্পনা সিনেমা হলের মোড়, বহরমপুর বাইপাস এলাকায় এমন ধরনের দূর্ঘটনায় পতিত হয়েছে মাত্রাতিরিক্ত ও ঝুঁকিপূর্ণবস্থায় পণ্য পরিবহনের জন্য। গেল নভেম্বর মাসে কল্পনা সিনেমা হলের দক্ষিণ দিকে মাত্রাতিরিক্ত ইট বহনের জন্য ট্রাকের ডান পাশের চাকার রিবানসেল ভেঙ্গে যায়।
যার কারণে, দূর্ঘটনায়কবলিত রাস্তার স্থানটি ক্ষতিগ্রস্থ হয় চরমভাবে। অল্পের জন্য রক্ষা পায় সেখানে অবস্থানরত স্থানীয়রা। একই ধরনের ঘটনা ঘটেছিল গেল আগস্ট মাসে। বিমানবন্দর সড়কের নওদাপাড়া কাঁচাবাজার এর সামনে। একটি মিনি ট্রাক অতিরিক্ত লোহা ও ভাংড়ি বহনের সময় সেটিরও চাকার রিবানসেল ভেঙ্গে যাওয়াতে ট্রাকটি মুখ থুবড়ে পড়ে রাস্তার উপর। সেখানেও অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রাকটির পেছনে থাকা চলমান বাহনগুলো। সমজাতীয় দূর্ঘটনা ঘটে নগরীর শালবাগান জামে মসজিদ এর সামনেও। ধারণ ক্ষমতার অতিরিক্ত সার বোঝাই ট্রাকটির চাঁকা ভেঙ্গে কার্পেটিং করা রাস্তার প্রায় দশ ফিটের মতো গর্ত করে মুখ থুবড়ে পরে থাকে রাস্তার পার্শ্বে।
ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বা মালামাল পরিবহনের জন্য আকস্মিক দূর্ঘটনায় পতিত হবার ইতিহাস নগরীতে অনেক আছে। গত ২৬ ডিসেম্বর নগরীর ভদ্রা মোড় থেকে রেলগেট-গ্রেটার রোড-বহরমপুর রাস্তা হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল ছোট একটি মিনি ট্রাক। ট্রাকটিতে পণ্য বা মাল হিসেবে ছিল পাট ও চটের বস্তা। বস্তাগুলোর সংখ্যা এতো বেশি ছিল যে, বাম দিকে ধীরে ধীরে ঝুলে পড়ছিল ট্রাকে থাকা বস্তাগুলো। ট্রাকটি যখন রাস্তায় চলাচলরত অন্যান্য ছোট ও মাঝারি আকৃতির কোন গাড়িকে অতিক্রম করছিল, তখন ঐসকল গাড়ির চালকেরা ট্রাকের ড্রাইভারকে সতর্কবানী দিলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার সতর্কবাণীতে কর্ণপাত না করে সে তার গন্তব্যের দিকেই অগ্রসর হয়েছে নির্ভয়ে।
দৃশ্যটি পেছনে পেছনে আসা একটি অটোর যাত্রীরাও পর্যবেক্ষণ করার পাশাপাশি ক্যামেরাবন্দিও করেন। উল্লেখ্য, ঐ অটোতে প্রতিবেদটির প্রতিবেদক নিজেও ছিলেন। অনেকেই এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, উক্ত মিনি ট্রাকটি, ভদ্রা, রেলওয়ে ষ্টেশন মোড়, রেলগেট, দরিখড়বনা, বর্ণালী মোড় ঝুঁকিপূর্ণবস্থায় অতিক্রম করলেও দায়িত্বরত ট্রাফিক পুলিশ কেনো কোন প্রকার পদক্ষেপ নেয়নি। গত ২৬ নভেম্বর রাত্রি আনুমানিক আটটার দিকে, নগরীর কামারুজ্জামান চত্বরের রেলগেট ক্রস করে শহরে প্রবেশ করার চেষ্টাকালে নওগাঁ রোড থেকে আসা অতিরিক্ত খড় বোঝাই একটি ট্রাক বিদ্যুতের ক্যাবলে আটকে গিয়েছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর সেখান থেকে উদ্ধার হলেও আবারো কিছুদূর গিয়ে একই সমস্যায় পতীত হয় ট্রাকটি।
এই ধরনের ঝুঁকি নিয়ে নগর সড়কে চলাচল করাটা সর্বদাই বিপদগামী একটি বিষয় বলে মন্তব্য অনেকের। ট্রাফিক আইন, সড়ক পরিবহন আইন ও বিআরটিএ নির্দেশনা অমান্য করে দিনের পর দিন এভাবেই নগর সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন শ্রেণীর বাহন। এই ধরেনর আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেনো এতোটা উদাসিন সেটি নিয়েও উঠছে নানা প্রশ্ন। এছাড়াও, নগরীর সড়কগুলোতে মাঝেমধ্যেই চোখে পড়ে নিষিদ্ধ ঘোষিত ভটভটির চলাচল।
সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকলেও কিভাবে তারা দায়িত্বরতদের চোখকে ফাঁকি দিয়ে প্রবেশ করছে শহরের রাস্তায় সেটি নিয়েও আলোচনা-সমালোচনাও কম নয়। কিন্তু, সবকিছুকেই বাইপাস করে আইন ভঙ্গকারীরা সকলের সামনেই দেদাড়ছে নিজেদের কাজ শেষ করছেন নিয়মিতভাবেই। কর্তৃপক্ষ নিশ্চুপ থাকলেও নিয়মভঙ্গকারীরা কিন্তু সর্বদাই সচল রয়েছে নিজেদের স্বার্থ হাসিলে বলে মন্তব্য সচেতন মহলের।
