জয়নাল হাজারী মারা গেছেন
এফএনএস : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দৈনিক হাজারিকা প্রতিদিনের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী মারা গেছেন। গতকাল সোমবার বিকাল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা এ তথ্য জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন। জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জয়নাল হাজারীর বাড়িতে যৌথবাহিনীর অভিযানের পর তিনি পালিয়ে ভারতে চলে যান। ২০০৪ সালে হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ ২০০৯ সালে ফের ক্ষমতায় এলে তিনি ভারত থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। পরে একে একে সব মামলা থেকে অব্যাহতি পান হাজারী। ২০১৯ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পদ পান জয়নাল হাজারী।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
রাজশাহী নগর আ’লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
