২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বন্ধুদের খাওয়াতে গিয়ে গাড়িচাপায় নিহত হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ৭:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বন্ধুদের খাওয়াতে গিয়ে গাড়িচাপায় নিহত হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
বিজ্ঞাপন

এফএনএস : বন্ধুদের হোটেলে খাওয়াতে নিয়ে গাড়ি চাপায় নিহত হলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ (২২)। এ ঘটনায় অপর তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম শুভ বগুড়া জেলার কাহালু উপজেলার ভারসন গ্রামে শামসু রমহমানের ছেলে।

আহত অন্য তিন শিক্ষার্থী হলেন- রাজশাহীর মো. জাকির হোসেন (২১), বগুড়ার মো. নাঈম ইসলাম (২০), ফেনীর মাজহারুল ইসলাম (২১) ও ভ্যান চালন সদর উপজেলার চরপাথলিয়া লিকু শেখ। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বন্ধু জাকির হোসেন বলেন, রাজশাহীর মো. জাকির হোসেন (২১), বগুড়ার মো. নাঈম ইসলাম (২০), ফেনীর মাজহারুল ইসলাম (২১) আমরা তিনজন বেইজিং নর্থ চায়না ইলেক্ট্রিক পাওয়ার বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

রাইসুল ইসলাম শুভ ও নাঈম ইসলামের এলাকার বন্ধু। শুভ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র সে চর পাথালিয়া একটি মেসে থাকে। গত শনিবার রাইসুল ইসলাম শুভর কাছে আমরা বেড়াতে আসি। আজ সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। এরপর আমরা চার বন্ধু প্রথমে চরপাথালিয়া দোলা পেট্রোল পাম্পের সামনে হোটেলে খাওয়ার উদ্দেশ্য যাই। সেখানে ভালো খাবার না পাওয়ায় একটি ভ্যানে আমরা চারজন ঘোনাপাড়ার উদ্দেশে যাই। টিটিসির সামনে পৌঁছালে আমাদের বহনকারী ভ্যানের চাকা খুলে যায়। আমরা সড়কের ওপর ছিটকে পড়ি।

এ সময় পেছন দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাস শুভকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যাই আমরা। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাইসুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মারিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমার ঘটনাস্থলে যাই, বাসটি আটক করি। বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন