১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রথম গণনায় শূণ্য, দ্বিতীয়বার পেলেন ৮৩ ভোট!

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ৫:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
প্রথম গণনায় শূণ্য, দ্বিতীয়বার পেলেন ৮৩ ভোট!
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী ছিলেন আবু তালেব। বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে রবিবার সন্ধায় ফলাফল ঘোষণার পর তিনি পেয়েছিলেন শূণ্য ভোট। মেম্বার পদপ্রার্থী আবু তালেবের দাবি করেছিলেন, সব ভোটের সাথে তাঁর নিজের দেওয়া ভোটটিও চুরি করেছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। জানা যায়, আবু তালেব বেলঘরিয়ার ১ নম্বর ওয়ার্ডে এর আগেও মেম্বার হিসেবে দায়িত্বে ছিলেন। এবারও তিনি মোরগ মার্কা প্রতীক নিয়ে মেম্বার পদে ভোট করছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রিংকু আলী।

তিনি ফুটবল প্রতীক নিয়ে দাড়িয়ে ১০১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। গত রোববার সন্ধায় প্রথমবার ভোট গণনায় ফলাফলে জানানো হয় আবু তালেব শূণ্য ভোট পেয়েছেন। ফলাফলের এই বার্তা এলাকায় ছড়িয়ে পড়লে প্রার্থীর সর্মথকরা আন্দোলন শুরু করেন এবং প্রশাসনসহ প্রিজাইডিং অফিসারদের অবরুদ্ধ করে রাখেন। জানতে চাইলে আবু তালেব একটি মোবাইলে ভোট প্রদানের ছবি দেখিয়ে বলেন, এই যে ছেলেটা মোরগ মার্কা প্রতীকে ভোট দিয়েছে, মোবাইলে ছবিও তুলেছে তার ভোট টা কোথায় গেলো? যে ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে সে কি তার নিজের ভোট টাও কি কখনো দেয় না?

পৃথিবীর কোথাও কি এমন ঘটনা ঘটেছে? কোন জাতি কি এমন করে? এটা কিভাবে সম্ভব? এরপর আবু তালেবের সমর্থকেরা চোর চোর বলে চিৎকার দিয়ে বলতে থাকেন, বিচার চাই, বিচার চাই। ভোট চোরের বিচার চাই। আমার সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচন মানি না। বিচার চাই, বিচার চাই। এভাবে চিৎকার দিয়ে আন্দোলন শুরু করেন।

ভোট কেন্দ্রের বাইরে এমন উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হলে অত:পর রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন অফিসের পক্ষ থেকে পুনরায় ভোট গণনা করা হয়। পরে তিনি ৮৩ ভোট পেয়েছেন বলে জানানো হয়। বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল জব্বারের বলেন, ভোটের এক বান্ডিল ব্যালট পেপার টেবিলের নিচে পড়ে থাকায় আমাদের চোখে পড়েনি।

এ ভুলের কারণে প্রথমবার গণনায় আবু তালেব শূণ্য ভোট পেয়েছেন। কিন্তু পরবর্তীতে টেবিলের নিচে ব্যালট পেপার খুজে পাওয়ার পর পুনরায় ভোট গননায় তার প্রাপ্ত ফলাফল বেরিয়ে আসে। প্রিজাইডিং অফিসারের এমন ভুলের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, বিষয়টি শুনেছি। পরবর্তী গণনায় ভুল সংশোধন হয়েছে। প্রিজাইডিং অফিসারদের এ ব্যাপারে আরো যত্নশীল হতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন