১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লঞ্চে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু গণকবরে ২৩ জনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ৬:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
লঞ্চে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু গণকবরে ২৩ জনের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

এফএনএস : ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, এ অগ্নিকাণ্ডে আহত ৮১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৪৬ জনের চিকিৎসা চলছে। ১৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের সার্বিক পরিস্থিতি দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ২১ জনকে ঢাকায় পাঠানো হয়।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখান থেকে ৪ জনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন ১৫ জনের চিকিৎসা চলছে। দুই জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর একজনের মৃত্যু হয়েছে। এই কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে ৩২ জনের চিকিৎসা চলছে বরিশালে। ৭ সদস্যের চিকিৎসক টিম পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসা দিচ্ছেন। আমরা মনিটরিং করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ২৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় বরগুনার পোটকাখালী গ্রামে খাকদোন নদীর পাড়ে তাদেরকে দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে ৩০ জনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম। এরপর পাঁচ জনকে শনাক্ত করেন স্বজনরা। দাফনের জন্য ২৫ লাশ কবরস্থানে নিয়ে আসা হয়। পরে আরও দুই জনকে শনাক্ত করেন স্বজনরা। দুপুর ১টার দিকে খাকদোন নদী তীরবর্তী এলাকায় ২১টি কবরে ২৩ জনের দাফন সম্পন্ন হয়। চার জনের লাশ আলাদা করা না যাওয়ায় দুই কবরে দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নলছিটির সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন