স্বতন্ত্রের মোড়কে বিএনপি-জামায়াত
চারঘাট প্রতিনিধি : চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা। দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ না করলেও চারঘাট উপজেলায় স্বতন্ত্রের মোড়কে মাঠে নেমেছে বিএনপি-জামায়াত। উপজেলার ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বিএনপি নেতারা। আর একটিতে প্রার্থী হয়েছেন জামায়াতের এক নেতা। বিএনপির সিনিয়র নেতারা প্রার্থীদের পক্ষে প্রচারণায় প্রকাশ্যে মাঠে না নামলেও নিজ দলীয় প্রার্থীদের জেতাতে ব্যাপক তৎপর রয়েছেন তারা।
জানা গেছে, চারঘাটে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে উপজেলা ও জেলা বিএনপি নেতাদের অবস্থান ‘ধরি মাছ, না ছুঁই পানি’ বলে জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতা। তারা বলছেন, চারঘাটে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র কোনো জায়গাতেই বিএনপির জনপ্রতিনিধি নেই। এ অবস্থায় সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে একসময়ের ক্ষমতাসীন দলটি। এজন্য বিএনপিকে টিকে থাকতে হলে পরোক্ষ ভাবে হলেও নির্বাচনে থাকতে হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার ৬ ইউপিতে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে চারঘাট সদর ইউপি, সরদহ ইউপি, শলুয়া ইউপি, নিমপাড়া ইউপি ও ভায়ালক্ষীপুর ইউপি থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি নেতারা। আর শুধুমাত্র শলুয়া ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের প্রার্থী।
নির্বাচন অফিস ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, চারঘাট সদর ইউপিতে বিএনপি থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক। ভায়ালক্ষীপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমি। সরদহ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা যুবদলের নেতা মোতলেবুর রহমান।
এদিকে শলুয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক মাসুম এবং নিমপাড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। অপরদিকে শলুয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন জামায়াতের আমীর আবুল কালাম আজাদ।
এসব ইউপির একাধিক বিএনপি নেতা জানান, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সারাদেশে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। ওই নির্বাচনে অনেক ইউপিতেই আওয়ামী লীগ যোগ্য ও জনপ্রিয়দের মনোনয়ন দেয়নি। ফলে দলীয় প্রতীক নিয়েও নিজ দলের বিদ্রোহীদের কাছে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। এক-তৃতীয়াংশেরও বেশি ইউপিতে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। সেখানে বিএনপি থেকে কোনো প্রার্থী না পেয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীকে ভোট দিয়েছেন। এজন্যই তারা দলীয় ভাবে সভা করে চারঘাটের প্রত্যেক ইউপিতে বিএনপির একক প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপি। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, দল থেকে প্রার্থী চুড়ান্ত করেছে এটা ভুল কথা। আমরা নিজের সিদ্ধান্তেই প্রার্থী হয়েছি। দল থেকে উৎসাহ কিংবা বাধা কিছুই দেওয়া হয়নি।
এ বিষয়ে চারঘাট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল কুদ্দুস বলেন, ‘এ নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বিএনপি আশা করেনা। যে কারণে বিএনপি দলীয়ভাবে ভোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হন, তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণেরও কোনো সিদ্ধান্ত নেই আমাদের। কেউ নির্বাচন করতে চাইলে তিনি নিজ দায়িত্বেই অংশ নেবেন।
