চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশুর লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার, কিশোর আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শিশু রোহানের লাশ উদ্ধারের পর শিশু অপহরণ ও হত্যায় জড়িত এক কিশোরকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে এসআই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে কিশোর নয়নকে বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত আসামী, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মাদ্রাসা মসজিদ সংলগ্ন এলাকার মৃত বাবুর ছেলে নয়ন (১২)।
শিশু রোহানের লাশ উদ্ধার ও আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে লাশ দাফন শেষে গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাংবাদিকের ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান। তিনি জানান, গত ৩১ ডিসেম্বর সকালে নিখোঁজ হয় রোহান। এরপর রোহানের পরিবারের থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করে। বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পেছনের সেফটিক ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, লাশ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারী কিশোরকে আটক করে পুলিশ। রাতেই সদর মডেল থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ভিক্ষাবৃত্তির জন্য শিশুটিকে চুরি করা হয়। এমনকি ১৫০ টাকার মতো ভিক্ষা করা হয়েছিলো। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটন করা হবে এবং আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু রোহানকে জীবিত অবস্থায় সেফটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
জানাযা শেষে নিহত শিশু রোহানের মামা জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও হয়নি। এই হত্যাকান্ডে যারা জড়িত ছিলো তদন্ত করে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে এই ধরনের ঘটনা আর না হয়। স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ শফিকুল ইসলাম বলেন, ন্যাক্কারজনক এই ঘটনার ধিক্কার জানায়। আল্লাহ রোহানের পরিবারকে ধর্য্য ধারন করার তৌফিক দান করুক। রোহানের জানাযায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনসহ বিভিন্ন গন্যমাণ্য বক্তিবর্গ। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সকাল থেকে শিশুটি শহরের মসজিদ পাড়া ভেলুর মোড় এলাকা থেকে নিখোঁজ হয়েছিল।
