রাষ্ট্রপতির সঙ্গে আরো ৮ দলের সংলাপের দিনক্ষণ চূড়ান্ত
এফএনএস : রাষ্ট্রপতির সঙ্গে আরও ৮টি রাজনৈতিক দলের সংলাপের জন্য দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দলগুলো বৈঠক করবে। নির্বাচন কমিশন থেকে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে। নির্ধারিত সূচি অনুযায়ী- ২২ ডিসেম্বর বিকেল চারটায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর বিকেল চারটায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।
২৭ ডিসেম্বর বিকেল চারটায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ছয়টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর বিকেল চারটায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিকেল চারটায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ছয়টায় ইসলামি ঐক্যজোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল সোমবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি।
এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছিল।
