নৌকা পোড়ায়ে, এখন তিনি আ’লীগের নৌকারই প্রার্থী!
এফএনএস : রাজশাহীর পুঠিয়ায় আগামী ৫ জানুয়ারি বানেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন আ’লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ অরফে ডিস কালাম। স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের অভিযোগ,আবুল কালাম বিগত সময়ে একজন বিএনপির ক্যাডার ছিলেন। তার নেতৃত্বে বানেশ্বর বাজারে ২০০১ সালে জাতীয় নির্বাচনের প্রার্থীর প্রচারণার জন্য তৈরি ৪০ হাত নৌকা পুড়িয়ে দেয়া হয়েছিল। গত কয়েক বছর আগে সাবেক সাংসদের হাতধরে রাতারাতি তিনি আ’লীগ নেতা হয়ে যান। উপজেলা আ’লীগের দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে আবুল কালাম আজাদ বিএনপি করলেও গত ২০০৮ সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ দারার হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেন।
এরপর কৌশলে ২০১৩ সালে সম্মেলনে তাকে বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সাধারণ সাম্পাদক হিসাবে নাম ঘোষনা করা হয়। সে সময় বানেশ্বর এলাকার সাবেক আ’লীগ নেতা মৃত আবদুস সাত্তার মেম্বার জোরালো প্রতিবাদ জানান। আর এতে করে আবুল কালাম ও সাত্তার মেস্বারের মধ্যে কয়েক দফা হামলা-মামলার ঘটনাও ঘটে। একপর্যায়ে সাত্তার মেম্বারকে ফাঁসাতে নিজেই আত্ম গোপনে চলে যান। আর তার পরিবারের লোকজন সাত্তার মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে গুম করার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এরপর র্যাবের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। সে সময় র্যাবের জিজ্ঞাসাবাদে আবুল কালাম স্বীকার করেন সাত্তার মেম্বারকে ফাঁসাতে তিনি নাটক সাজিয়ে ছিলেন।
এই অপকর্মে ও জড়িত থাকার অপরাধে দল ও পদ থেকে তাকে বহিস্কার করা হয়। এবার বানেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কালামসহ মোট ১২ জন আ’লীগ নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বিশেষ কৌশলে আবুল কালাম দলীয় মনোনয়ন নিয়ে আসেন। আর এতে করে দলের মধ্যে নতুন করে বিভেদ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করা শর্তে একাধিক দলীয় মনোনয়ন প্রত্যশীরা ও স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা বলেন, যে বিএনপির ক্যাডার জাতীয় সংসদ নির্বাচনে তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের দলীয় মার্কা নৌকা পুড়িয়েছে, সে আজ আ’লীগের নৌকার মাঝি। দল থেকে এমন একজন হাইব্রীড লোককে কিভাবে মনোনয়ন পেল তা আমাদের জানা নেই।
বিতর্কিত ওই কালাম ও তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ডের নানা অভিযোগ রয়েছে। তার এক ছেলে অস্ত্র ব্যবসা করতে গিয়ে র্যাবের হাতে পিস্তলসহ আটক হয়েছেন। তার পরিবারের কাছে পুরো বানেশ্বর বাজার জিম্মি হয়ে আছে। তারা বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও নির্বাচন করা এক নয়। যার ফলাফল ভোটের মাধ্যমে জনগন বুঝিয়ে দিবেন। তবে সকল অভিযোগ অস্বীকার করে আ’লীগ মনোনিত বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ভোট আসলেই কিছু লোকজন মিথ্যা প্রচারণা শুরু করেন। আমি বিএনপি নয়, আ’লীগ পরিবারের সন্তান।
দল আমাকে যোগ্য মনে করেছেন, তাই মনোনয়ন দিয়েছেন। আর এলাকায় দলের মধ্যে এখন কোনো বিভেদ নেই। এ বিষয়ে সাবেক সাংসদ ও রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, আবুল কালাম আমার হাতে ফুল দিয়ে দলে যোগদান করেনি। তিনি অনেক আগেই আবদুস সাত্তারের মাধ্যমে বিএনপি থেকে আ’লীগে এসেছেন। আর দল তাকে মনোনয়ন দিয়েছেন। এখানে আমার কোনো হাত নেই। বিএনপি করে নৌকা পুড়িয়েছেন।
