মৃত পশুর মাংস সরবরাহ করা হতো রাজশাহীর হাসপাতাল ও কারাগারে!
স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও কারাগারসহ নগরীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় চক্রটি মৃত গরু-ছাগল এবং ভেড়ার মাংস সরবরাহ করে আসছিলো। আর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জসহ বিভিন্ন উপজেলা এলাকায় এসব পশু মরার খবর পেলেই তারা সেটি সংগ্রহ করে ফ্রিজে রাখত। পরে দরদাম ঠিক করে গোপনে সরবরাহ করত এসব মাংস। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আটককৃতরা এমনটিই জানিয়েছেন বলে গতকাল রোববার দুপুরে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার জুয়েল আরফিন। এর আগে গত শনিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল পিকআপ ভর্তি মৃত ছাগল, ভেড়া ও বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করে।
এ সময় আটক চারজন। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর দরগাপাড়ার মশিউর রহমান আপেল, কায়েস হোসেন, ফাইসাল হোসেন ও ফয়সাল হোসেন। তবে এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আদালতে হাজির করা হলে তাদের ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এমন অবৈধ কারবারে জড়িত চারজনকে কোনো সাজা দেওয়া হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার জুয়েল আরফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ডিবি পুলিশের একটি দল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বলিয়ার মোড় এলাকা থেকে একটি পিকআপ ভর্তি (ঢাকা-মেট্টো-ন-১৬-৫২০৫) মৃত ছাগল এবং ভেড়ার মাংস জব্দ করেন।
এ সময় দীর্ঘদিন ফ্রিজে রাখা প্ল্যাস্টিকের ব্যাগে থাকা ১৫০ কেজি পচা মাংস, চারটি গোটা ছাগল ও ভেড়া এবং ২৭টি রুগ্ন ছাগল আটক করা হয়। এসব ছাগল ভেড়া জবাই করার বৈধ কোনো কাগজপত্র ছিল না। পরে গ্রেপ্তারকৃতদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর আদালতে হাজির করা হলে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে। তবে এমন অবৈধ কারবারে জড়িত চারজনকে কোনো সাজা দেওয়া হয়নি।
