বাগমারায় ভারতীয় নাগরিকের মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : করোনা পরীক্ষা কথা ছিল গতকাল শনিবার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করবেন করোনা পরীক্ষা। সেই প্রস্তুতিও নিয়েছেন রাতেই। পরীক্ষায় নেগেটিভ আসলেই ফিরে যাবেন নিজ দেশ ভারতে। সকল প্রস্তুতি নিলেও করা হলো না করোনা ভাইরাসের পরীক্ষা। রাতে মারা গেলেন উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সকালে খবর পেয়ে পুলিশ উত্তম কুমার বিশ্বাসের লাশ উদ্ধার করেছে। সেই সাথে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে।
সে চেউখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে আত্মীয় হয়ে এসে থাকতেন। জানা গেছে, উত্তম কুমারের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলায়। তিনি দুই মাস আগে চেওখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে আসেন। সে থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। ভিসা নিয়েই তিনি বাংলাদেশে আসেন বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, শনিবার রাত ৩টার দিকে হঠাৎ চিৎকার দিয়ে উঠে উত্তম কুমার। ওই সময় সাইফুল ইসলাম প্রতিবেশীদের ডেকে নিয়ে যায়। তারা গিয়ে দেখে উত্তম কুমার মারা গেছে। স্থানীয় চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, সাইফুল ইসলামের ছেলে ভারতে বিয়ে করেছে। সেই আত্মীয়ের সূত্র ধরে হয়তো এখানে এসে থাকেন।
দুই মাস হলো তার সাইফুলের বাড়িতে আসা। দেশে চলে যাওয়ার কথাও ছিল উত্তম কুমারের। হঠাৎ মৃত্যুবরণ করায় জীবিত আর যাওয়া হলো না তার। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তমের লাশের সরাতহাল প্রতিবেদন তৈরী করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
