হাসপাতালে ভর্তি আরও ১৪ ডেঙ্গু রোগী
এফএনএস : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। ঢাকার বাইরে কোনো নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১০৭ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৯৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮৩০ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।
