২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন

এফএনএস : এ বছর জাতিসংঘ ফাউন্ডেশনের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ৯ ডিসেম্বর নিউইয়র্কে আয়োজিত ‘উই দ্য পিপলস’ অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়। যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকনজো-ইওয়েইলা। গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর সর্বত্র, সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতিসংঘের লক্ষ্যসমূহ ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেয়া হয়।

নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ পুরস্কার দেওয়া হলো মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ। জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেন এবং অনুষ্ঠানেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। যার মূল বিষয়বস্তু ছিল প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র পৃথিবী’ ও তা সৃষ্টির প্রচারাভিযান। এর আগে এ পুরস্কার পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন, জাতিসংঘ মহাসচিব কফি আনান ও বান কিÑমুন, আর্চবিশপ ডেসমন্ড টু টু এবং শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন