রাজশাহী মাউশির দুই জন পরিচালকের বিরুদ্ধে শিক্ষক নেতাদের বিস্তর অভিযোগ

Paris
Update : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ উঠেছে। গত শুক্রবার মহানগরীর বরেন্দ্র কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাকশিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব।

এমপিওভুক্তির তারিখ থেকে ১৬ বছর পূর্ণ হলে শিক্ষক-কর্মচারীরা উচ্চতর বেতন স্কেল পাবেন বলে সরকার সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ শিক্ষক-কর্মচারীদের উচ্চতর বেতন স্কেল প্রাপ্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বাদশা বলেন, গতবার আটটি জেলা থেকে প্রায় ৪৫০০ শিক্ষক-কর্মচারী এমপিও এবং উচ্চতর বেতন স্কেলের জন্য আবেদন করেন। কিন্তু তাদের মধ্যে মাত্র ১৭০ জনের আবেদনপত্র গৃহীত হয়েছে। তুচ্ছ কারণ দেখিয়ে এ দুই শিক্ষা কর্মকর্তা আবেদনগুলো বাতিল করেছেন। রাজশাহীর কাটাখালি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক পদে সরকারের জনবল কাঠামোর লঙ্ঘন করে অর্থের বিনিময়ে তিন জুনিয়র শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। সিনিয়রকে বাদ দিয়ে জুনিয়রকে পদোন্নতি দেওয়া হয়েছে।

নামের বানানে ‘হাইফেন’ না থাকায়, স্মারক নং না থাকায় এবং নামের বানানে এমডির পর ‘ফুলস্টপ’ না থাকায় তিনজনের পদোন্নতির আবেদন বাতিল করা হয়েছে। এ ছাড়া দুই শিক্ষকের নাম একই হওয়ায় কাউকেই পদোন্নতি দেওয়া হয়নি। তবে পাইলট মহিলা কলেজের এক শিক্ষকের ফলাফল শিট সঠিক নয় বলে তিনবার বাতিল করার পরও অর্থের বিনিময়ে তাকে এমপিওভুক্ত করা হয়েছে। এসব বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। দুই শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারেরও অভিযোগ করেন বাদশা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজ কুমার সরকার, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহাসহ ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা। পরিচালক ড. কামাল ও সহকারী পরিচালক ড. আলী রেজা আজাদের অপসারণ দাবি করেন তারা। অন্যথায় শিক্ষকদের নিয়ে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। এ বিষয়ে মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আলী রেজা আজাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।


আরোও অন্যান্য খবর
Paris