২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রোহিঙ্গা ক্যাম্পে বর পক্ষের ওপর কনেপক্ষের হামলায় ১ জন নিহত

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ৯:০২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
রোহিঙ্গা ক্যাম্পে বর পক্ষের ওপর কনেপক্ষের হামলায় ১ জন নিহত
বিজ্ঞাপন

এফএনএস : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বিয়ে নিয়ে সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা এ তথ্য জানান। নিহতের নাম মোহাম্মদ বেলাল। ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে মো. আনোয়ার সাদেক ও তার সহযোগী হারেসুর রহমানকে আটক করেছে। ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ইদ্রিসের সঙ্গে তরুণী খালেদা বিবির সম্পর্ক ছিল।

চারদিন আগে খালেদা বিবি একই ব্লকে অবস্থিত ইদ্রিসের বাসায় চলে যান। তারা দুইজন ইদ্রিসের পরিবারের সম্মতিতে বিয়ে করেন। তবে এ বিয়ে কনেপক্ষ মেনে নেয়নি। গত শনিবার রাতে বরের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনেপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বরপক্ষের অনুষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালায়। এতে বর ইদ্রিসের চাচা মোহাম্মদ বেলাল নিহত হন। কামরান হোসেন আরও বলেন, বেলালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন