বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার (রাবি) নেতৃবৃন্দ। গতকাল শনিবার এক শোক বার্তায় বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা খালেক এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মোবাররা সিদ্দিক এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তাঁরা বলেন, বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম। ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারালো এবং যে শূন্যতা তৈরী হলো তা পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
