গোমস্তাপুরে গরুর খামারে ডাকাতির ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে ১৫ গরু ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার রাতে তাদেরকে গোমস্তাপুর থানা থেকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার উপপরিদর্শক বদিউজ্জামান, উপপরিদর্শক (ডিএসবি) গাজী নুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক আমিনুল ইসলাম এবং তিন কনস্টেবল রহিম, বিপ্লব ও শফিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়। ডাকাতরা খামার মালিক ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে খামার থেকে ১৫টি গরু নিয়ে যায়। অথচ পাবর্তীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকে। খামার মালিকের অভিযোগ, ৯৯৯-এ দুইবার ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি। পুলিশের দায়িত্বে কোনও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই ছয় পুলিশ সদস্যকে গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, গরুগুলো উদ্ধারে এবং ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এদিকে, এ ঘটনায় গরুর মালিক আশরাফুল ইসলাম গত শনিবার গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, অভিযোগসূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপজেলার জিনারপুর গড়বাড়ি এলাকার আশরাফুল ইসলামের গরুর খামারে পুলিশ পরিচয়ে এসে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর ১৫টি গরু নিয়ে যায় ডাকাতরা। এ সময় ৯৯৯-এ দুইবার ফোন করেও পুলিশের কোনও সহযোগিতা পাননি খামার মালিক।
