২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুই ইউপির ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আদেশ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১, ৭:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দুই ইউপির ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আদেশ
বিজ্ঞাপন

এফএনএস : কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধন করে নতুন করে প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট পিটিশন নিষ্পত্তি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে আইনজীবী ছিলেন সালমা সুলতানা। গতকাল শনিবার আদেশের বিষয়টি ক রিটকারী আইনজীবী নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিমের সহায়তায় রোহিঙ্গাদের স্থানীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার তালিকায় রোহিঙ্গাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা মো. রুবেল বিষয়টি আমলে নিয়ে ওই ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) কয়েক বার আবেদন জানান। সর্বশেষ গত ২৪ নভেম্বর ইসি বরাবর নতুন করে ভোটার তালিকা সংশোধন করতে আবেদন করেন তিনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেও ইসি কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি পেশ করে সুরাজপুর-মানিকপুর এলাকাবাসীর পক্ষে মো. রুবেল গত ২৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট পিটিশন করেন।

রিটে ইসি, স্থানীয় সরকার সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমসহ সংশ্লিষ্ট নয়জনকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। অ্যাডভোকেট সালমা সুলতানা জানান, আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সুরাজপুর-মানিকপুরের ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে আদালত বলেন, আইন অনুযায়ী কোনো ধরনের ব্যর্থতা ছাড়া ইসিকে বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

তিনি বলেন, আদালতের শুনানিতে বলেছি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১৯ অনুযায়ী ভোটার তালিকায় তিনিই অন্তর্ভুক্ত হবেন যিনি বাংলাদেশের নাগরিক। মিয়ানমারের বাসিন্দা রোহিঙ্গাদের সরকার এদেশে আশ্রয় দিয়েছেন। কোন পরিস্থিতিতে ও কী কারণে তা সবারই জানা। কিন্তু স্থানীয় একটি মহল নিজ স্বার্থে, বেআইনি ও অবৈধ উপায়ে তাদের বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে এ দেশের নাগরিক বানানোর কাজে লিপ্ত। বিষয়টি নিয়ে রিটটি করা হয়। ওই রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন