আব্বাসের কাটাখালির অবৈধ দুই ভবন ভাঙলো প্রশাসন, এলাকায় মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভায় সরকারি খাল দখল করে মেয়র আব্বাস আলীর নির্মাণাধীন দুই ভবন গুড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভবন ভাঙা শুরু করা হয়। ভবন দুইটি ভাঙায় নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। তিনি সাংবাদিকদের বলেন, তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা উচ্ছেদে তারা চিঠি পেয়েছিলেন। পরে তারা মেয়রকে ৩০ দিন আগে উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
এরপর এটি আইন অনুযায়ী ভাঙা হচ্ছে। দেখা গেছে, সকাল ৯ টার মধ্যেই উচ্ছেদে চলে আসে প্রশাসন। এই খবরে কাটাখালী বাজারে মানুষের ভিড় লেগে যায়। গত ১০ অক্টোবর এ বিষয়ে জরুরি পদক্ষেপের জন্য চিঠি দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিটিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর পত্রিকার সংবাদ প্রকাশের পর থেকে বিষয়টি তদন্ত করে মতামতসহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠি দেওয়ার প্রায় দুই মাস পর ভবনটি ভাঙা শুরু করল প্রশাসন।
ভবনটি এমন সময়ে ভাঙা শুরু হল যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মেয়র আব্বাস আলী কারাগারে। এছাড়া তিনি একই অভিযোগে পৌর আওয়ামী লীগ থেকে অব্যাহতি পেয়েছেন। তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী ইতিমধ্যে কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে।
জলাবদ্ধতা নিরসনে বছরখানেক আগে কাটাখালী পৌরসভার ওপর দিয়ে যাওয়া খালটি ১৭ কোটি টাকা ব্যয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পুনঃখনন করে। গত এপ্রিলের দিকে কাটাখালীর মেয়র সরকারি এই খালের ওপর ভবন নির্মাণ শুরু করেন। ১৯ জুলাই একতলার ছাদ ঢালাই সম্পন্ন করা হয়। ঢাকা-রাজশাহী মহাসড়কে সরকারি খালের ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে খালের ওপর প্রায় ১ হাজার ১৪৪ বর্গফুট জায়গাজুড়ে একটি তিনতলা ভবন নির্মাণ শুরু হয়। এখানে ইতিমধ্যে দুইতলা ভবন উঠে গেছে। এই ভবন তিনতলা হবে। ভবনের দোকান হবে ২১টি। অন্যদিকে ব্রিজের উত্তর পাশে খালের ওপর আরেকটি ভবনের দুইতলা উঠে গেছে। এই ভবনে দোকান হবে মোট ছয়টি।
সরকারি খালের ওপর ভবন নির্মাণের অভিযোগ করেন পৌরসভার কয়েকজন কাউন্সিলর। এই অভিযোগের ভিত্তিতে গত আগস্ট মাসে পবা উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। এরপর কয়েক দিন কাজ বন্ধ থাকলেও পরে আবার জোরেশোরে নির্মাণকাজ শুরু হয়। এ বিষয়ে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন বলেন, মূলত তারা নোটিশ দিয়েছিলেন ৩০ দিন আগে। কোনো সাড়া পাওয়া যায়নি। তাই আজ ভাঙা হচ্ছে।
এদিকে মার্কেট ভাঙার কাজ শুরুর ঘণ্টা খানেক পর উচ্ছসিতরা মিষ্টি বিতরণ করেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালী বাজারের বাসস্ট্যান্ডে এ মিস্টি বিতরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবক জানান, দীর্ঘদিন ধরে কাটাখালী বাসস্ট্যান্ড বাজারের পাশে ৭-৮টি দোকান ছিল কিছু গরীব মানুষের। মেয়র আব্বাস তা উচ্ছেদ করে সেখানে ভবন গড়ে তোলেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভবনটির কয়েকটি দোকানও বরাদ্দ দেন তিনি। তবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পর থেকে তার পতন শুরু হয়। পরে র্যাবের হাতে ধরা খাওয়ার পর কাটাখালীতে তার ত্রাসের রাজত্ব দূর হয়। তারা জানান, মেয়র আব্বাসের ভয়ে কেউ কথা বলতে পারতাম না। তবে আজ অবৈধ মার্কেট ভাঙা পড়ায় আমরা মিষ্টি বিতরণ করছি।
আব্বাসের মার্কেটটি ভাঙার সময় উপস্থিত ছিলেন কাটাখালী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান। তিনি বলেন, এতোদিন মেয়রের ভয়ে কাটাখালী পৌরসভায় কেউ কথা বলতে পারত না। সেই মেয়র আব্বাসের দিন শেষ। আজ তার অবৈধ ভবন ভাঙার কারণে এলাকার বেশকিছু যুবক খুশিতে মিষ্টি বিলি করছে। তিনি বলেন, আমি ডায়াবেটিকসের রোগী। মিষ্টি খাওয়া নিষেধ। এরপরও তারা আমাকে জোর করে মিষ্টি খাইয়ে দিয়েছে। তাদের খুশিতে আমিও শামিল হয়েছি।
