বাঘা মাজার প্রাঙ্গণের জায়গা দখল করে হাটের নামে আদায় হচ্ছে লক্ষ লক্ষ টাকা
শাহানুর আলম বাবু, বাঘা : রাজশাহীর বাঘা মাজারের পুরো এলাকাজুড়ে বসেছে অসংখ্য দোকান পাট। গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনায় দর্শনার্থী ও নামাজ পড়তে আসা মুসল্লিদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। পার্কিংয়ের জায়গায় স্থাপনা থাকায় সড়কে রাখতে হয় দুর-দুরান্ত থেকে আগত দর্শনার্থীদের যানবাহন। ফলে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়াকফ এলাকা বাঘা মাজার প্রাঙ্গণে ফার্নিচারের দোকান, সোয়েটার সামগ্রীসহ পুরাতন বস্ত্রের দোকান, গেঞ্জি, কাপড়ের দোকান, কম্বলের দোকান, হোটেল-রেস্তোরাঁ এবং গামেন্টস সামগ্রীর দোকানে পুরো এলাকা দখল। সব মিলে মাজার প্রাঙ্গন যেন এক জমকালো মার্কেট। সরকারি নিতিমালা উপেক্ষা করে ওয়াকফ এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে ওইসব দোকানপাট। প্রতিনিয়ত দখল হচ্ছে নতুন নতুন জায়গা। অস্থায়ী দোকানগুলো কখন স্থায়ী দোকান হয়ে যায়, তা বুঝে উঠা দ্বায়। মাজার প্রাঙ্গণে দর্শনার্থীদের ক্লান্তি এড়াতে বিশ্রামের জন্য তৈরি হয়েছে সিটিং সেড।
দোকানগুলোর ভারে সেডগুলোও এখন দখলদারদের নিয়ন্ত্রণে। দেখে মনে হবে, অবৈধ দোকানিদের জন্যই তৈরী হয়েছে সেডগুলো। অবৈধ দখলবাজদের আচরণে যে কারও মনে হবে, যারা দখলবাজদের বিরুদ্ধে কথা বলবেন তারাই অন্যায় করছেন। তাদের আচরণ যেন এমন, তাদের কোনো দোষ নেই। বরং দর্শনার্থীদের জন্যই দোকানিদের সমস্যা হচ্ছে। তথ্য নিতে গিয়ে তাদের চোখেমুখে বিরক্তির ছাপ যেন তারই প্রমাণ।
খোঁজ নিয়ে জানা যায়, মাজার এলাকায় সব মিলিয়ে তিন শতাধিক দোকান রয়েছে। ইতোমধ্যে কয়েকদফায় উচ্ছেদ অভিযান চালানো হলেও কাজের কাজ হয়নি কিছুই। বরং প্রভাশালীদের আশ্রয় প্রশ্রয়ে বেড়েছে দোকানের সংখ্যা। অনেকের আক্ষেপ, নামেই উচ্ছেদ অভিযান হয়। বাস্তবতা হলো, উচ্ছেদ-টুচ্ছেদ কিছুই নয়। এগুলোর দখলমুক্ত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ দরকার তা পালনে ব্যর্থ মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
এলাকার সুশীল সমাজ মনে করেন, দ্রুত অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করে দর্লনার্থীদের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃস্টি করতে হবে। এজন্য চাই দীর্ঘমেয়াদি ও টেকসই পর্যটন নগরী পরিকল্পনা। সুশীল ব্যক্তিত্তরা আরও বলেন, বাঘা মাজার এলাকা দশানার্থীদের যোগ্য করার জন্য যে ধরনের পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন তা এখনও নেওয়া হয়নি। এজন্যই ফুটপাত, সড়ক দখল থেকে শুরু করে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। তারা অভিযোগের সুরে বলেন, ছিন্নমূল ব্যবসায়ী বলতে বোঝায়, যারা যত্রতত্র দোকান সাজিয়ে বসে এবং তাদের দোকান স্থানান্তর যোগ্য। তাদের কোনরুপ মাসোয়ারা দেয়া লাগেনা। কিন্তু মাজার প্রাঙ্গণের দোকানিদের কেউই ভাড়ামুক্ত নয়। সবাই নামে বেনামে ভাড়া গোনেন।
কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, এখানে সবাই ভাড়া দিয়ে ব্যবসা করেন। কিভাবে টাকা দেন এবং কে নেয় জানতে চাইলে তারা বলেন, বাঘা হাট ইজারাদার মামুন হোসেনের নির্দেশনায় প্রতিদিন দোকান প্রতি রকম ভেদে ৩০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা উত্তোলন করেন। এছাড়াও বৈদ্যুতিক বিল দরুন প্রতি ১৫ ওয়াট এনার্জি বাল্বের জন্য দোকান প্রতি প্রতিদিন ২০ থেকে ৭০ টাকা গুনতে হয়। সরকারি যায়গায় থেকেও কেন টাকা দেন এমন প্রশ্নের জবাবে দোকানিরা বলেন, ক্ষমতার নিকট আমরা অসহায়। আমাদের কিছু করার নেই। তবে দাম্ভিকতার সঙ্গে সুজন নামক একজন কম্বল ব্যবসায়ী বলেন, আমরা আছি সরকারি যায়গায়। আমরা এখানে যারা দোকানদারি করি তাদের প্রত্যেকের মজবুত সেল্টার আছে। আমাদের ভিত অনেক মজবুত। তাই এই মার্কেট নিয়ে কথা বলে কারও লাভ নেই।
এ বিষয়ে হাট বাজারের ইজারাদার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন বলেন, কোনো দোকান থেকে চাঁদা আদায় করা হয়না। যেটা উঠানো হয় তা হাট বাজারের খাজনা। তারপরেও এ বিষয়ে আপনি হাটবাজার ডাককারি রাজশাহীর ঠিকাদার সুজনের সঙ্গে কথা বলেন সেই প্রকৃত ইজারাদার। এ বিষয়ে বাঘা মাজারের মোতয়ালি (রইস) খন্দকার মুনসুরুল ইসলাম বলেন, দোকান উচ্ছেদের জন্য আমি কয়েকবার উদ্েযাগ নিয়েও ব্যর্থ হয়েছি। এখন উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবস্থা না নিলে আমার কিছু করার নাই। কারন, যিনি দোকানদারদের প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের নিকট থেকে টাকা উঠাচ্ছেন তিনি খুব প্রভাবশালী ব্যক্তি। বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক বলেন, মাজার এলাকায় দোকান দেয়া এবং তাদের নিকট থেকে অর্থ আদায়ের অনুমতি বাঘা হাট ইজারাদারকে দেয়া হয়নি।
এ কাজ যারা করছেন তারা অন্যায়ভাবে করছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা এ বিষয়ে বলেন, মাজার প্রাঙ্গণে দোকান রয়েছে আমি যোগদান করবার আগে থেকেই। এ বিষয়ে কোন নির্দেশনা এখনও পাইনাই। নির্দেশনা পেলে আইনি প্রক্রিয়ায় বাবস্থা নেয়া হবে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক মুঠোফোনে বলেন, আমি নতুন যোগদান করেছি। বাঘায় মাজার প্রাঙ্গণে অবৈধ দোকান এবং নিয়ম বহির্ভুত টাকা আদায়ের বিষয়ে আমি অবগত নই। তবে খুব শিঘ্রই কাগজপত্রাদি দেখে সরেজমিন প্রদর্শনপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
