১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের সমাধিতে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১, ৫:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শহীদ কামারুজ্জামানের সমাধিতে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজশাহী সফরে গিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তিনি সরকারি কর্মসূচিতে যোগদান করেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে তিনি আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসে করে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান। এই ট্রেনটি ভোর ৫টায় পৌঁছানোর কথা থাকলেও সিডিউল বিপর্যয়ের কারণে পাঁচ ঘণ্টার বেশি দেরিতে ঢাকা থেকে রাজশাহী গিয়ে পৌঁছায়। ফলে রাজশাহী পৌঁছাতে শিক্ষা মন্ত্রীর ৫ ঘণ্টা অতিরিক্ত সময় ব্যয় হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর তিনি সরাসরি সার্কিট হাউসে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শহীদ এএইচএম কামরুজ্জামানের সমাধিতে যান। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক উৎসবে তিনি অংশ নেন।

এদিন বেলা সাড়ে ১২টায় রাবির শাবাশ বাংলাদেশ চত্বরে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ ড. শামসুজ্জোহা ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের নির্মাণকাজ উদ্বোধন করেন। এরপর শাবাশ বাংলাদেশ চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন তিনি। দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ সাংসদ মো. আয়েন উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন