১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিক্ষকের মৃত্যুর জেরে বন্ধ কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১, ৫:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শিক্ষকের মৃত্যুর জেরে বন্ধ কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে গতকাল শুক্রবার বিকাল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিমের মৃত্যু নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে ৭৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়েট উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কুয়েট উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকালে বিশেষ সিন্ডিকেট সভা আহবান করা হয়।

তবে কোনও সিদ্ধান্ত ছাড়াই প্রথম দিনের সভা মুলতবি করা হয়। পরে গতকাল শুক্রবার সকালে মুলতবি হওয়া সভা ফের শুরু হয়। সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন মেকানিক্যাল বিভাগের ডিন প্রফেসর মো গোলাম কাদের, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. মো আবু ইউসুফ, প্রফেসর ড. মো. সাইফুল, কুয়েট রেজিস্ট্রার মো. আনিসুর রহমান ভুঁইয়া প্রমুখ। এদিকে গতকাল শুক্রবার সকালে কুয়েট ছাত্রলীগ খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষক সেলিমের স্বাভাবিক মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান। দুপুরে তাদের কর্মসূচি পালনের ঘোষণাও ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি লালন শাহ হলের ডিসেম্বর মাসের খাদ্য-ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) নির্বাচনে হস্তক্ষেপ করেন ফজলুল হক হলের বোর্ডার ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান। তিনি নিজের লোকদের ডাইনিং ম্যানেজার নির্বাচিত করার প্রচেষ্টা চালান। এ প্রচেষ্টার অংশ হিসেবে ৩০ নভেম্বর সেলিম হোসেনের দাফতারিক কক্ষে ঢুকে অশালীন আচরণ ও মানসিক নির্যাতন করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা আনুমানিক আধাঘণ্টা ওই শিক্ষকের কক্ষে ছিলেন।

পরে দুপুরে খাবারের উদ্দেশ্যে ক্যাম্পাস সংলগ্ন বাসায় যান শিক্ষক সেলিম। বেলা ২টার দিকে তার স্ত্রী লক্ষ্য করেন, তিনি বাথরুম থেকে বের হচ্ছেন না। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সাধারণ ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে অপমৃত্যুর অভিযোগ তোলেন। সেই সঙ্গে সেলিমের কফিনসহ অ্যাম্বুলেন্স নিয়ে ভাইস চ্যান্সেলরের কাছে যান। তারা এ সময় বিচারসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করার দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘ সভা শেষে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। সেলিম হোসেনের অপমৃত্যুকে কেন্দ্র করে শিক্ষক সমিতি বুধবার সকাল সাড়ে ১০টায় কুয়েট অডিটোরিয়ামে জরুরি সভা করে। শিক্ষক সমিতির সভা থেকে বুধবার রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার এবং ওই ঘটনার বিচার দাবি করা হয়।

এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির দুজন সদস্য এই দায়িত্ব পালন করতে চাইছেন না। ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীদের লাঞ্ছনার পর মঙ্গলবার ওই শিক্ষকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি গঠনের দুদিন বাদে গত বৃহস্পতিবার দুই সদস্যের অপারগতা প্রকাশের কথা জানান কুয়েটের উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন। তিন সদস্যের তদন্ত কমিটির সভাপতি করা হয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম।

সদস্য করা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আতাউর রহমান ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কল্যাণ কুমার হালদারকে। উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ সাংবাদিকদের বলেন, এদের মধ্যে থেকে কল্যাণ কুমার হালদার লিখিতভাবে এবং মো. আরিফুল ইসলাম মৌখিকভাবে তদন্ত করতে অপারগতা জানিয়েছেন। কী কারণে এই অপারগতা, তা জানতে ওই দুই শিক্ষকের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুতে কুয়েট শিক্ষক সমিতির ডাকে সুষ্ঠু বিচারের দাবিতে গত বৃহস্পতিবার ১০টা থেকে ১ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ববিদালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন। শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, ড. সেলিমের মৃত্যুর ঘটনার জন্য দায়ী ছাত্রদের স্থায়ীভাবে ক্যাম্পাস থেকে বহিষ্কার ও শাস্তি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এ ছাড়া আগামী রোববার বিকালে শোকসভা করা হবে। অন্যদিকে গত বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসন ভবনের ভেতরে শিক্ষার্থীদের একটি অংশ অবস্থান নেয়, যার মধ্যে অভিযোগের মুখে থাকা শিক্ষার্থীরাও ছিলেন। দুপুরের পর তারা উপাচার্যের সঙ্গে দেখা করেন।

পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সাংবাদিকদের বলেন, আমাদের কিছু দাবির কথা স্যারকে জানিয়েছি। শিক্ষকদের সংগঠন আনুষ্ঠানিক সভার মাধ্যমে কোনো ধরনের তদন্ত ছাড়া শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানিয়েছে। এর দ্বারা বিচারের নিরপেক্ষতা লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, ঘটনার নিরপেক্ষতা বজায় রাখার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। যেখানে কুয়েটের কোনো শিক্ষক প্রতিনিধিত্ব করতে পারবেন না।

তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা যাতে না নেয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ছাত্রলীগের এই নেতার নেতৃত্বে এক দল শিক্ষার্থী দেখা করে আসার পর বাড়ি ফিরে মারা যান কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিম। অভিযোগ উঠেছে, সেজানের নেতৃত্বে ওই শিক্ষার্থীরা অধ্যাপক সেলিমকে লাঞ্ছিত করেছিলেন, যা তাকে অসুস্থ হয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অধ্যাপক সেলিমকে বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন