১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শুধু ঢাকায় হাফ বাসভাড়া প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ৫:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শুধু ঢাকায় হাফ বাসভাড়া প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
বিজ্ঞাপন

এফএনএস : শুধু ঢাকা মহানগরীতে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনের চেয়ারম্যানের রুম থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যানের নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে দেখা করে নয় দফা দাবিগুলোর বিষয়ে আলোচনা করেন। ইনজামুল হক বলেন, তবে আশানুরূপ কোনো আলোচনা হয়নি। দাবি পূরণের বিষয়ে তেমন আশ্বাস মেলেনি।

আজ বুধবার সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া দাবি মানা না পর্যন্ত রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র সাইদুল ইসলাম আপন বলেন, গত ৭ নভেম্বর থেকে যখন গণপরিবহনের ভাড়া বাড়ানো হলো তারপর ৮ নভেম্বর থেকেই রাস্তায় আন্দোলনরত অবস্থায় আছি। তার পরিপ্রেক্ষিতেই আমরা আজকেও (গতকাল মঙ্গলবার) আন্দোলন করছি। গত ১১ নভেম্বর ছাত্রদের হাফ পাস বাস ভাড়ার বিষয়ে বনানী বিআরটিএ ভবনে স্মারকলিপি দিয়ে গিয়েছিলাম।

এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তারা সময় চেয়েছে। স্মারকলিপি জমা দেওয়ার ঠিক ১১ দিন পরও বিআরটিএ ভবনে এসেছি আমরা। তারা মিটিং করেও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। সে সময় তারা জানায়, বিআরটিসির সব বাসে ছাত্রদের হাফ ভাড়া দেওয়া হয়েছে। এটা আবার নতুন করে দেওয়ার কী আছে? এই হাফ পাস ভাড়া বিআরটিসিতে অনেক আগে থেকেই চলছে। তিনি আরও বলেন, বিআরটিএ বলেছিল গত শনিবার আমাদের হাফ পাসের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এনায়েতুল্লাহ খান বলেছেন, বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের হাফপাস দেওয়া যাবে না।

গত সোমবার রাতে রামপুরায় যখন কলেজ ছাত্র মাইনুদ্দিন মারা গেলেন, গতকাল মঙ্গলবার সকালে এনায়েতুল্লাহ ঘোষণা দিলেন ছাত্রদের হাফপাস বাস ভাড়ার দাবি মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা মহানগরের মধ্যে। শুধুমাত্র ঢাকা মহানগরের মধ্যেই ছাত্র-ছাত্রীরা পড়ালেখা করে না, সারাদেশেই পড়ালেখা করছে। তাই একসঙ্গে, একযোগে সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিতে হবে।

শুধুমাত্র মুখের কথায় হবে না, আইন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের শান্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নয় দফা দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ এই (বিআরটিএ) ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো। এর আগে, আন্দোলনরত ছাত্ররা ৯ দফা দাবি জানায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের তিন প্রতিনিধি বিআরটি ভবনে গেছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন