রাজশাহীতে স্বামীর সামনে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্বামীর সামনেই ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ডিঙ্গাডোবা এলাকার আবদুস সালাম জানান, সকাল ৮টার দিকে ওই নারী ও তার স্বামী ডিঙ্গাডোবা এলাকায় নামেন। তার স্বামী মোটরসাইকেল পার্ক করছিলেন। ওই নারী রেললাইনের পাশে অবস্থিত বস্তির দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রেন চলে আসে। তাকে কয়েকজন ডাক দিয়ে সর্তক করলেও তিনি শুনতে পাননি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রেনে কাটা পড়ে নিহত ওই নারী গ্রামীণ ব্যাংকের কর্মী, নাম ডলি পারভিন (৩৭)। তাদের গ্রামের বাড়ি নাটোরে। তিনি গ্রামীণ ব্যাংকের রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম শাখায় কর্মরত ছিলেন। তার স্বামী আবদুস সবুরও গ্রামীণ ব্যাংকে কর্মরত। তারা মহানগরীর তেরোখাদিয়া উত্তরপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। এ বিষয়ে আবদুস সবুর বলেন, প্রতিদিনের মতো আমরা টাকা কালেকশনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। আজ আমি ডিঙ্গাডোবা মোড়ে গাড়ি পার্ক করার জন্য থামলে সে বাইক থেকে নেমে বস্তির দিকে যায়। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেন ডলি পারভিনকে ধাক্কা দেয়।
এতে রেললাইনের ওপর পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে সে মারা যায়। পরে খবর পেয়ে রাজপাড়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানার ওসি রকিব উর ইসলাম বলেন, ডিঙ্গাডোবায় একটি দুর্ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের স্বামী তাতে আপত্তি জানালে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
